প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মিনিট আগে
প্রতীকী ছবি।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহের অনিশ্চয়তার মধ্যে আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য প্রায় ৮ হাজার ১০ কোটি টাকার ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত চারটি প্রস্তাব অনুমোদন পায়।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যয়ে কেনা হবে হাই সালফার ফার্নেস অয়েল (১৮০ সিএসটি)। সিঙ্গাপুরভিত্তিক ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে এ তেল কিনতে ব্যয় হবে প্রায় ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ টাকা।
একই কোম্পানি থেকে দুটি প্যাকেজে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল (ডিজেল) কেনা হবে। এর একটি প্যাকেজে ব্যয় হবে প্রায় ৯৬০ কোটি ৪১ লাখ টাকা, অন্যটিতে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ টাকা।
এ ছাড়া ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে প্রায় ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ টাকায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) কেনা হবে।
তবে ডিজেল ও জেট এ-১ আমদানির আরও দুটি প্যাকেজের প্রস্তাব বৈঠকে উঠলেও অনুমোদন পায়নি। আরও পর্যালোচনা করে পরে সেগুলো কমিটির বৈঠকে তোলার সিদ্ধান্ত হয়েছে।