× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৌশল পাল্টে পুলিশের ওপর হামলা বাড়ছে

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ৩৭ মিনিট আগে

মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

আগে নির্জন স্থানে বা রাতের আঁধারে পুলিশের ওপর হামলা বেশি ঘটলেও এখন প্রকাশ্যেই এমন ঘটনা ঘটছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। আসামি ধরতে গিয়ে ঘেরাও, অভিযানে বাধা, কুপিয়ে জখম ও হত্যা, গুলি, আসামি ছিনতাই এবং থানা ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা বাড়ছে।

সর্বশেষ গত ২২ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন। এ সময় তার সঙ্গে থাকা এএসআই আবদুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন। তারা নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের হিসাবে, চলতি বছরের প্রথম ১০ মাসে সারা দেশে পুলিশের ওপর ৪৮৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চার পুলিশ সদস্য নিহত ও ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। মামলা হলেও এসব হামলার বিচার শেষ হওয়ার নজির কম। বিশ্লেষকদের মতে, বিচারহীনতার কারণেই হামলা বন্ধ হচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “পুলিশের প্রতি আস্থার সংকট, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, বিচারহীনতার সংস্কৃতি এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এসব হামলার পেছনে ভূমিকা রাখতে পারে”।

তিনি বলেন, “পুলিশের পেশাদারত্ব, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের নিরাপত্তা এবং জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক পুনর্গঠনে গুরুত্ব দিতে হবে। প্রতিটি হামলার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারও নিশ্চিত করা প্রয়োজন”।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) কামারুম মুনিরা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “পুলিশের ওপর হামলা, দায়িত্ব পালনে বাধা ও সদস্যদের লক্ষ্য করে সহিংসতার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে”।

তিনি জানান, প্রতিটি ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত, গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদারসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের হিসাবে, চলতি বছরের জানুয়ারিতে পুলিশের ওপর ৪২টি, ফেব্রুয়ারিতে ৪২টি, মার্চে ৬৩টি, এপ্রিলে ৬৬টি, মে মাসে ৫৫টি, জুনে ৪৯টি, জুলাইয়ে ৪২টি, আগস্টে ৪১টি, সেপ্টেম্বরে ৪০টি এবং অক্টোবরে ৪৪টি হামলার ঘটনা ঘটেছে। নভেম্বরের প্রথম ২৩ দিনে একাধিক হামলায় আহত হয়েছেন ২২ পুলিশ সদস্য। গত ২২ নভেম্বর নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হোসেন নিহত হওয়ার মধ্য দিয়ে চলতি বছরে হামলায় নিহত পুলিশ সদস্যের সংখ্যা অন্তত পাঁচে দাঁড়িয়েছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৬০১, ২০২৪ সালে ৬৪৩, ২০২৩ সালে ৬০৭, ২০২২ সালে ৬০১, ২০২১ সালে ৬০৮, ২০২০ সালে ৪৪৯ এবং ২০১৯ সালে ৫৫৫ পুলিশ সদস্য হামলার শিকার হন।

হামলার লক্ষ্যবস্তু থানা

থানাও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। গোপালগঞ্জের দুটি থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট হয়। ১৯ নভেম্বর মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে পুড়ে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র, পুলিশের গাড়ি ও জব্দ করা যানবাহন। এ ছাড়া ১৮ নভেম্বর চট্টগ্রামের মুরাদপুরে একটি পুলিশ বক্সেও অগ্নিসংযোগ করা হয়।

অপরাধী ধরতে গিয়ে খুন হচ্ছেন পুলিশ সদস্যরা

অভিযান পরিচালনা করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন পুলিশ সদস্যরা। সর্বশেষ গত ২২ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে তথ্য সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলায় নিহত হন কনস্টেবল আনোয়ার হোসেন। এর আগে গত ২৩ মার্চ কক্সবাজারের চকরিয়ার হারবাং বাস স্টেশন এলাকায় অভিযান পরিচালনাকালে মাদক কারবারিদের হামলায় নিহত হন এএসআই রুপম বড়ুয়া। গত ৮ অক্টোবর খুলনার রূপসায় অভিযান শেষে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। ৫ সেপ্টেম্বরে ঢাকার সাভারের আমিনবাজারে মারধরের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়ে নিহত হন পুলিশের বিশেষ শাখার এসআই আলতাফ হোসেন। হত্যাকাণ্ডের শিকার আরেকজনের পরিচয় পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়নি।

হামলার শিকার অন্যান্য বাহিনীর সদস্যরাও

পুলিশের পাশাপাশি র‍্যাব, কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও হামলার শিকার হচ্ছেন। নারায়ণগঞ্জে চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত পুলিশ ও র‍্যাবের ওপর অন্তত ১২টি হামলার ঘটনা ঘটেছে। গত ৫ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অবস্থানের কারণে মাদক কারবারিদের নির্যাতনের শিকার হন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য আবুল কালাম। ১০ নভেম্বর কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হন জেলা গোয়েন্দা পুলিশের তিন সদস্য। এ ছাড়া ১৯ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে দুর্বৃত্তদের হামলায় নিহত হন র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। এর আগে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় যৌথ বাহিনীর অভিযানে ডাকাতদের হামলায় নিহত হন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার।

হামলার নিন্দা ও উদ্বেগ

পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ওপর ধারাবাহিক হামলার নিন্দা ও হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন।

অ্যাসোসিয়েশন বলেছে, জনগণের জানমালের নিরাপত্তা, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের প্রায়ই সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের হামলার শিকার হতে হয়। এ পরিস্থিতিতে পুলিশের আত্মরক্ষার অধিকার ও অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা