এ আর ডাবলু, জীবননগর (চুয়াডাঙ্গা)
প্রকাশ : ৪৯ মিনিট আগে
ক্ষেতের ফুলকপি হাতে হতাশ কৃষক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ফুলকপির ভালো ফলন হলেও আশানুরূপ দাম পাচ্ছেন না কৃষক। মাঠ থেকে প্রতিকেজি ফুলকপি ৫ থেকে ৭ টাকায় বিক্রি করতে হচ্ছে। অথচ ১ কেজি চালের দাম খুচরা বাজারে ৫০ থেকে ৫৫ টাকা। তবে সেই ফুলকপি শহরের বাজারে খুচরা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা কেজি দরে। উৎপাদন খরচের তুলনায় দাম অনেক কম পাওয়ায় ব্যাপক লোকসান গুনতে হচ্ছে প্রন্তিক কৃষকদের।অনুকূল আবহাওয়ায় একই সময়ে প্রচুর সবজি বাজারে ওঠায় এবং সংরক্ষণ ব্যবস্থার অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন কৃষি বিভাগ।
জীবননগর উপজেলার ঘুরে জানা গেছে, অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে বিভিন্ন মাঠে প্রচুর ফুলকপি উৎপাদন হয়েছে। ফসলের মাঠ থেকে সংগ্রহের পর ছোট-বড় ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে কম দামে কপি কিনে নিচ্ছেন। ফলে উৎপাদিত ফসল বিক্রি করেও খরচ উঠছে না চাষিদের। যার কারণে ক্ষেত্রেই নষ্ট করছেন কপি। অনেকে গবাদিপশুকে খাওয়ানোর জন্য কেটে নিয়ে যাচ্ছেন।
উপজেলার উথলী গ্রামের কপি চাষি শামিম হোসাইন বলেন, “অধিক লাভের আশায় দেড় বিঘা জমিতে নিনজা জাতের ফুলকপি চাষ করেছিলাম। কপি মোটামুটি ভালো হয়েছে। কপির চারা ক্রয়, সেচ, সার-কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ এ পর্যন্ত ৪০-৪৫ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বাজারে সব সবজির দাম ভালো থাকলেও কপির দাম একেবারেই কম। ৫ টাকা কেজি কপি বিক্রি করে শ্রমিক ও পরিবহন খরচই উঠছে না”।
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত ৮-১০ হাজার টাকার কপি বিক্রি করেছি। জমিতে অন্য ফসল চাষের জন্য এখন কপি কেটে গরু-ছাগলকে খাওয়ানো হচ্ছে”।
উপজেলার আরেক কপি চাষি মাহাবুল ইসলাম বলেন, “সার, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি ও অন্যান্য কৃষি উপকরণের দাম বাড়লেও উৎপাদিত ফুলকপির দাম সেই তুলনায় পাচ্ছেন না তারা। একদিকে মাঠে ক্রেতার কাছে কম দামে বিক্রি করতে হচ্ছে, অন্যদিকে বাজারে একই সবজি তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে”।
এদিকে কৃষকরা দাম না পেলেও প্রতিটি হাতবদলেই বাড়ছে সবজির দাম। পরিবহন ও অন্যান্য খরচের অজুহাতে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে বাজারগুলোতে।
ফুলকপি চাষিরা উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা ও বিপণন ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, কৃষক ও ভোক্তার মধ্যে দামের এই বড় ব্যবধান কমানো গেলে উভয় পক্ষই উপকৃত হবেন।
জীবননগর কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, “জীবননগর উপজেলায় এবার ৮৯ হেক্টর জমিতে ফুলকপি চাষ হয়েছে। একসাথে বেশি পরিমাণ ফুলকপি বাজারে আসায় দাম কিছুটা কমে গেছে। উৎপাদন বেশি হওয়ার কারণে চাহিদা কমে গেছে যার কারণে দামও কিছুটা কমেছে। আশা করি ধীরে ধীরে ফুলকপির বাজার আরও ভালো হবে”।