প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে
দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে ওঠছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অচিরেই বাংলাদেশ বিশ্ববাজারে প্রাণিসম্পদ খাতে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে”।
প্রধানমন্ত্রী বলেন, “প্রাণিসম্পদ উৎপাদনে সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব”।
তিনি বলেন, “দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে”।
এসময় নতুন নতুন বাজার সম্প্রসারণ ও খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে বিশ্ববাজারে হালাল মাংস, পোল্ট্রি ও দুগ্ধজাত পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, “প্রাণিসম্পদ খাতের আগামী দিনের গল্প শুধু খামারের নয়, বরং বাংলাদেশের অর্থনীতিরও”।
অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির নতুন বাজার তৈরি, উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং খামার ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকারের অবস্থানও তুলে ধরেন তারেক রহমান।
এর আগে, সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ অনুষ্ঠানের অংশ নেন তিনি।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্যাপন করা হবে।