নাশকতার শঙ্কা
প্রতীকী ছবি।
ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতা, চোরাগোপ্তা হামলা ও অনুপ্রবেশ ঠেকাতে দেশের সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের সীমান্তবর্তী ৩০টি ও মিয়ানমার সীমান্তের তিনটি জেলার স্পর্শকাতর এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। কোথাও থার্মাল ইমেজার, নাইট ভিশন ড্রোন, সিসি ক্যামেরা ও সার্চলাইট বসানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বিশেষ রিজার্ভ প্লাটুন। অভ্যন্তরীণ নিরাপত্তায় ঢাকা ও ছয় জেলায় বিজিবির ১০৮ প্লাটুন এবং ৯ জেলায় আনসারের ৫৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। চলছে যৌথ টহল ও গোয়েন্দা নজরদারি।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা জানান, ডিসেম্বর পর্যন্ত বিশৃঙ্খলা, সড়ক অবরোধ, সংখ্যালঘুদের ওপর হামলা ও নাশকতার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য রয়েছে। এসব ঘটনায় আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টা হতে পারে। সীমান্তের ওপার থেকে নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের উৎস শনাক্তে কাজ করছেন গোয়েন্দারা।
আমাদের প্রতিবেদক মোকছেদুল মমিন মোয়াজ্জেম (হিলি-দিনাজপুর), চম্পক কুমার (জয়পুরহাট), এম আর ইসলাম রতন (নওগাঁ), কৃষ্ণ ব্যানার্জী (সাতক্ষীরা), আজিজুর রহমান ডাবলু (জীনননগর-চুয়াডাঙ্গা), মহসিন আলী (বেনাপোল-যশোর) ও ইফতেয়ার রিফাত (ব্রাহ্মণবাড়িয়া)-এর পাঠানো খবরে বিস্তারিত-
প্রযুক্তির চোখে উত্তরাঞ্চলের সীমান্ত
দিনাজপুরের হিলি, জয়পুরহাট ও নওগাঁ সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। হিলিতে ড্রোন, থার্মাল ডিভাইস ও ডগ স্কোয়াডের পাশাপাশি স্পর্শকাতর এলাকায় নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্লাডলাইট বসানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বিশেষ রিজার্ভ প্লাটুন। জয়পুরহাট ২০ বিজিবি ও নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি থার্মাল ইমেজার, নাইট ভিশন ড্রোন ও বাড়তি টহলে সীমান্ত পাহারা দিচ্ছে। পোরশা, সাপাহার, পত্নীতলা, ধামইরহাট ও পাঁচবিবিতে চলছে বিশেষ নজরদারি।
নেত্রকোণা সীমান্তেও সিসি ক্যামেরা ও সার্চলাইট বসিয়েছে ৩১ বিজিবি। প্রয়োজনে ড্রোনে নজরদারি চলছে। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, স্পর্শকাতর স্থান চিহ্নিত করে স্থানীয় বাসিন্দা ও সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। গত জুনে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।
পাহাড়ি সীমান্তেও বাড়তি নজরদারি
খাগড়াছড়ির মাটিরাঙ্গার যাসিনীপাড়া জোনের তবলছড়ি, পানছড়ির লোগাং ও রামগড় সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে সার্বক্ষণিক নজরদারি। পলাশপুর ৪০ বিজিবির অধীন ৯টি বিওপির মধ্যে অযোধ্যা, সাদিয়া বারি, চালিতছড়া, লক্ষ্মীছড়াসহ বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে টহল ও পর্যবেক্ষণ। অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
নানক-নাছিমদের আগমনের গুঞ্জনে আখাউড়ায় উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিরাপত্তা জোরদারের মধ্যে রাজনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছে। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিমসহ কয়েকজন ভারতের আগরতলায় অবস্থান করছেন— এমন খবর ছড়িয়ে পড়লে বুধবার বিকালে স্থলবন্দরে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। তাদের অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তবর্তী তিন উপজেলার নেতাকর্মীদের সতর্ক করেছে জেলা বিএনপি। তবে আখাউড়া দিয়ে তাদের প্রবেশের তথ্য নেই বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়েছে সুলতানপুর ও সরাইল ব্যাটালিয়ন।
কুমিল্লার পাঁচ উপজেলায় কড়া পাহারা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেশে প্রবেশের আশঙ্কায় কুমিল্লার পাঁচ উপজেলা— ব্রাহ্মণপাড়া, বুড়িচং, আদর্শ সদর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ত্রিপুরার সঙ্গে ১০৫ কিলোমিটার সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে বিবির বাজার স্থলবন্দরে বাড়ানো হয়েছে নজরদারি।
পুশইন ঠেকাতে দক্ষিণ-পশ্চিমে কড়া পাহারা
সাতক্ষীরার ৫৪ কিলোমিটার সীমান্তে অতিরিক্ত জনবল, দিন-রাত টহল, চেকপোস্টে তল্লাশি ও থার্মাল ড্রোনে নজরদারি জোরদার করেছে ৩৩ বিজিবি। চুয়াডাঙ্গার জীবননগর ও মেহেরপুরের প্রায় ১১০ কিলোমিটার সীমান্তে পুশইন, অনুপ্রবেশ ও মানবপাচার ঠেকাতে টহল বাড়িয়েছে বিজিবি। সন্ধ্যার পর শূন্যরেখায় না যেতে মেহেরপুরের সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করা হচ্ছে। দক্ষিণ-পশ্চিম রিজিয়নের সাত ব্যাটালিয়ন ও ১১৬ বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল চলছে।
বেনাপোলসহ ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নজরদারি
বেনাপোলসহ ৭২ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে দিন-রাত টহল, সার্চলাইটে নজরদারি এবং অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চলছে। বিজিবির পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারাও রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান জানান, গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না।
সীমান্ত পেরিয়ে দেশের ভেতরেও নিরাপত্তাবলয়
সীমান্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবির ১০১ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জে রয়েছে দুই ব্যাটালিয়ন।
আগরতলা ও পেট্রাপোল সীমান্তে পলাতক আওয়ামী লীগ নেতাদের অবস্থান ও তৎপরতার খবর প্রকাশের পর বাড়তি নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। মঙ্গলবার সীমান্ত পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, অবৈধ যাতায়াত ঠেকানো বিজিবির দায়িত্ব। ডিসেম্বর ঘিরে সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে সন্দেহজনক যাতায়াতের তথ্য বিজিবিকে জানাতে স্থানীয়দের আহ্বান জানান তিনি।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সীমান্তে বিজিবির সঙ্গে সমন্বয় করে যৌথ নজরদারি, টহল, চেকপোস্টে তল্লাশি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ চলছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। নাশকতা, অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
এ বিষয়ে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্তে নিয়মিত ও বিশেষ টহলের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত ফাঁড়িগুলোর জনবল ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা।
তিনি জানান, নজরদারিতে ড্রোন, সিসিটিভি ও সার্চলাইটের ব্যবহার বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও চেকপোস্টে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিও জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতা ও অপরাধের আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অপারেশনাল প্রস্তুতি ও তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সম্পৃক্ততা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তবর্তী জনপদসহ সারা দেশে শান্তি, স্বস্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান মাহবুব মুর্শেদ রহমান।