× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মিনিট আগে

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

রাজধানীর গুলশান থানার একজন এসআই বুধবার সকালে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হন। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি বঙ্গভবনে মতবিনিময় সভায় যোগ দিতে বের হচ্ছিলেন।

এসআই জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা মামলায় হাজির না হওয়ায় পরোয়ানা জারি করেছেন আদালত। সেই পরোয়ানা তামিল করতে তিনি বাসায় এসেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, পরোয়ানা জারি হওয়া মামলাটি নড়াইল সদর থানায় দায়ের হয় ২০১৮ সালের ১১ এপ্রিল। বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। এ মামলায় আরও দুজন আসামি হচ্ছেনÑ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি ২০২১ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। অপর আসামি বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম। 

মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানির তিনটি ধারা ৫০০, ৫০১, ৫০৫ ছাড়াও ১২৩(ক)/১২৪(ক) উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে।

তবে মামলাটির কার্যক্রম হাইকোর্ট বেঞ্চ স্থগিত করেছে। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট কোর্ট এক আদেশে সেটা উল্লেখও করেছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আগামী বছরের ২৭ জানুয়ারি। সেই স্থগিত মামলার ওয়ারেন্ট তামিল করতে পুলিশ হাজির হয়েছে মাহমুদুর রহমানের বাসায়। ওয়ারেন্ট নম্বরÑআর-১৬/২৬, যা জারি হয়েছে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর।

বিগত ফ্যাসিবাদী শাসনে সারা দেশে শতাধিক মামলা হয় আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা, মানহানিসহ নানা অভিযোগে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা মামলা করেছিলেন ২০১০ সাল থেকে। 

একাধিক মামলায় রায়ও হয়। সাজাও খাটতে হয় মাহমুদুর রহমানকে। বিনা বিচারে তিনি জেল খেটেছেন দুই দফায় দীর্ঘ সময়। সর্বশেষ চব্বিশের বিপ্লবের পরও শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণ করে জেলে যেতে হয়েছে মাহমুদুর রহমানকে।

জুলাই বিপ্লব-পরবর্তী ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্যও সংসদকে জানিয়েছেন। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনও চলমান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা