× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজুরি নির্ধারণের পরও শ্রমিকরা রাস্তায় কেন

আহমেদ তোফায়েল ও আজিজুল ইসলাম

প্রকাশ : ১৮ মিনিট আগে

আপডেট : ৪ মিনিট আগে

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিন বছরের ব্যবধানে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সর্বনিম্ন গ্রেডের মজুরি ১২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার কথা। কিন্তু মজুরি ঘোষণার পর বুধবারেই গাজীপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে আন্দোলনের উস্কানিতে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কারখানার আর্থিক সক্ষমতা নিয়ে মালিকপক্ষের উদ্বেগ পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

পর্যবেক্ষকরা মনে করছেন, নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও শ্রমিক অসন্তোষের অন্যতম কারণ আগে থেকে কর্মরত শ্রমিকদের বেতন সমন্বয়ের বিষয়টি। তা ছাড়া শ্রমিকদের একাংশের দাবি, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ করা হয়নি। তাদের দাবি ও প্রত্যাশা, সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা হতে হবে।

চার গ্রেডে মজুরি বৃদ্ধি

গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের দীর্ঘ প্রায় ১০ ঘণ্টার বৈঠকে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়। চারটি গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে তিনটি গ্রেডের বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা একমত হন। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মতবিরোধ থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে সিনিয়র অপারেটরসহ সংশ্লিষ্ট দক্ষ পদগুলোর মাসিক ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩৫ থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এতে বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা প্রায় ৪৩ শতাংশ।

দ্বিতীয় গ্রেডে অপারেটর ও সংশ্লিষ্ট পদগুলোর মজুরি ১৪ হাজার ২৭৩ থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই গ্রেডে বৃদ্ধির পরিমাণ ৫ হাজার ৭২৭ টাকা বা ৪০ দশমিক ১১ শতাংশ। তৃতীয় গ্রেডে জুনিয়র অপারেটর ও সংশ্লিষ্ট পদগুলোর মজুরি ১৩ হাজার ৫৫০ থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা বা ৪১ দশমিক ৭০ শতাংশ। সর্বনিম্ন চতুর্থ গ্রেডে হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার ৩৬ শতাংশ।

আলোচনার শুরুতে মালিকপক্ষ ১৭ হাজার এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। একপর্যায়ে মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। এরপর বোর্ডের ছয় সদস্যের ভোটে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেয়। ফলে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়। 

পুরনো শ্রমিকদের বেতন নিয়ে প্রশ্ন

নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিকদের মধ্যে অসন্তোষের অন্যতম কারণ হয়ে উঠেছে আগে থেকে কর্মরত শ্রমিকদের বেতন সমন্বয়ের বিষয়টি। নতুন করে কাজে যোগ দেওয়া শ্রমিকদের একটি অংশ নির্ধারিত মজুরিতে সন্তুষ্ট হলেও পুরনো শ্রমিকদের মধ্যে এ নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের অনেকেই বর্তমানে ১৭, ১৮, ১৯, ২০ কিংবা ২১ হাজার টাকা বেতন পাচ্ছেন। নতুন কাঠামো কার্যকর হলে তাদের বেতন কত হবে, আগের বেতনের সঙ্গে নতুন কাঠামোর পার্থক্য কীভাবে সমন্বয় করা হবে এবং অতিরিক্ত কী সুবিধা পাওয়া যাবে, সে বিষয়ে পরিষ্কার ধারণা নেই। তাই তাদের মধ্যে প্রত্যাশিত স্বস্তি আসেনি।

জানতে চাইলে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “শেষ রাতে নির্ধারিত মজুরি শ্রমিকরা মেনে নেননি। তার দাবি, সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে”।

অন্যদিকে নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার মনে করেন, পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় দেওয়া প্রয়োজন। তিনি আশা করেন, আগামী শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।

কারখানা বন্ধ, নিরাপত্তা জোরদার

গতকাল বুধবার সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন। সালনা, নাওজোড়, ছয়দানা, গাজীপুরা ও আশপাশের এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। কয়েকটি স্থানে যানবাহন ও কারখানার ফটক ভাঙচুরের ঘটনাও ঘটে।

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষে পুলিশ, বিজিবি, আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্তত ১২ সদস্য আহত হয়েছেন। শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক ও বহিরাগতদের হামলা এবং ইটপাটকেল নিক্ষেপে বাহিনীর সদস্যরা আহত হন।

মালিকপক্ষের উদ্বেগ

মজুরি বাড়ানোর সিদ্ধান্তের পরও অসন্তোষ অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছে পোশাক শিল্পের মালিকপক্ষ। বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, “মজুরি নির্ধারণের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শ্রমিকদের বর্ধিত মজুরির পুরো দায়ভার মালিকদেরই বহন করতে হচ্ছে”।

তার বক্তব্য, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দায়িত্ব মালিকদের হলেও বর্তমান পরিস্থিতিতে কারখানাগুলোর পক্ষে সেই ব্যয় বহন করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শ্রমিকদের দাবি পূরণের পাশাপাশি শিল্পের টিকে থাকার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক বলেন, “পোশাক শিল্প নিয়ে সব সময় রাজনৈতিক চাপ তৈরি করা হয়।’ তার মতে, ‘মজুরি ঘোষণার পরদিনও শ্রমিকদের মাঠে নামার ঘটনা উদ্বেগজনক। টানা ২০ থেকে ২২ দিন কারখানা বন্ধ থাকায় শিল্পের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা কঠিন হবে”।

তিনি বলেন, “শিল্পের বর্তমান অবস্থায় অনেক শ্রমিক কর্মসংস্থান হারাতে পারেন। তাদের বিকল্প কর্মসংস্থানের বিষয়টি নিয়েও এখন থেকেই ভাবতে হবে”।

সরকারের অবস্থান

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন নতুন মজুরি কাঠামোকে শ্রমিকদের প্রত্যাশার সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ’ বলে উল্লেখ করেছেন। তার মতে, ‘শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, ‘মোট মজুরির মধ্যে মূল বেতন ও বাড়িভাড়ার পরিমাণ চূড়ান্ত করতে আবার বৈঠক হওয়ার কথা রয়েছে।’

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারও জানিয়েছেন, তারা পুরোপুরি সন্তুষ্ট না হলেও সিদ্ধান্তটিকে একেবারে খারাপ মনে করছেন না। তা ছাড়া আগে পাঁচ বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের সুযোগ থাকলেও এবার তিন বছরের ব্যবধানে তা সংশোধন করা হচ্ছে। একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ নেতা কামরুল হাসানও বলেছেন, শ্রমিকদের দাবির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম হলেও ছোট ও মাঝারি কারখানার সক্ষমতা বিবেচনায় প্রস্তাবটি তারা মেনে নিয়েছেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৩ সালে নিম্নতম গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ১১ দশমিক ২৫ শতাংশ বার্ষিক বৃদ্ধির ভিত্তিতে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সুপারিশে ২০২৬ সালে বার্ষিক মজুরি বৃদ্ধির হার ১২ শতাংশ ধরে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ আবার সভা

তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পর আবারও সভা ডেকেছে নিম্নতম মজুরি বোর্ড। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা