প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি: মন্ত্রণালয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বৃদ্ধি ও বহুমুখীকরণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশে রাশিয়ার গম ও সার সরবরাহের বিষয়টি উল্লেখ করেন এবং রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের বৃহত্তর প্রবেশের সুযোগ (মার্কেট এক্সেস) চান। এ ছাড়া তিনি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যমান সুযোগ কাজে লাগাতে রুশ বিনিয়োগকারীদের আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ-রাশিয়া আন্তসরকার কমিশনের বৈঠকের সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে প্রক্রিয়াধীন দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতাগুলো দ্রুত সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ দক্ষ অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে বৃত্তি ও প্রাতিষ্ঠানিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করে। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসে ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
সাক্ষাতে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন জানান, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে রাশিয়া অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণে তারা আগ্রহী।