প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মিনিট আগে
কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: সংগৃহীত
পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গ্রহণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। দীর্ঘ আলোচনা ও মালিক-শ্রমিকপক্ষের মধ্যে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
বুধবার ভোরে অনুষ্ঠিত মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান।
তিনি বলেন, “বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে”।
বোর্ড সূত্রে জানা যায়, সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। অন্যদিকে মালিকপক্ষ ১৬ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। পরে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।
নতুন মজুরি কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এর শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২ ২০ হাজার টাকা, গ্রেড-৩ ১৯ হাজার ২০০ টাকা এবং গ্রেড-৪ ১৭ হাজার টাকা। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মজুরি আগের তুলনায় ৪ হাজার ৫০০ টাকা বাড়ছে।
বোর্ড চেয়ারম্যান জানান, পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, এমন শ্রমিকদের ক্ষেত্রেও অন্তত ২ হাজার টাকা সমন্বয় করা হবে। ফলে বিভিন্ন গ্রেডের শ্রমিকরাও নতুন কাঠামোর সুবিধা পাবেন। শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি এবং বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় নির্ধারণ করা হবে।
এর আগে, গত ১৬ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন। শ্রমিকপক্ষের যুক্তি ছিল, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা ৩২ হাজার টাকার প্রস্তাব দেন।
অন্যদিকে, মালিকপক্ষের পক্ষ থেকে পরবর্তী সময়ে ১৫ হাজার ৭০০ টাকা ন্যূনতম মজুরির সুপারিশ করা হয়। সর্বশেষ বৈঠকে তাদের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে সমঝোতা না হওয়ায় ভোটাভুটির মাধ্যমে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।
গত ১ নভেম্বর পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। এর আগে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন ও অসন্তোষ দেখা দেয়। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে ঘোষণা দেওয়া হলে শ্রমিকদের কাজে ফেরার প্রবণতা বাড়ে। তবে সাভার ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কারখানা বন্ধের ঘটনা অব্যাহত রয়েছে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় ও কার্যকরের বিষয়গুলো স্পষ্ট করা হবে। নতুন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারিতে পরিশোধিত বেতনে শ্রমিকরা নতুন মজুরি পাবেন।
তবে বোর্ডের এ সিদ্ধান্তের পর নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন।