প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মিনিট আগে
মাইস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হয়েছন মেহেরুন এন. ইসলাম। ছবি: মাইসের সৌজন্যে
বাংলাদেশের মিটিং ইন্ডাস্ট্রির উন্নয়নে তথা মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন (MICE) শিল্পের বিকাশ, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ এবং বিশ্ববাজারে দেশের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে মাইস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর বনানী ক্লাবের রুম ১-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাইস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২০২৬-২০২৮ মেয়াদের সভাপতি, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং সেমস-গ্লোবালের (CEMS-Global) প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। সভার কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জাবেদ আহমেদ।
সভায় মাইস শিল্পের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট, বাংলাদেশের সম্ভাবনা, শিল্পসংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্যে মেহেরুন এন. ইসলাম বলেন, “মাইস শিল্প কেবল অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের মধ্যে সংযোগ স্থাপন, ব্যবসা-বাণিজ্য সহজতর করা, বিনিয়োগ আকৃষ্ট করা, জ্ঞান বিনিময় এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম(ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করা)”।
তিনি আরও বলেন, “মাইস শিল্পের সঙ্গে শুধু হোটেল, কনভেনশন সেন্টার ও ইভেন্ট আয়োজকরাই যুক্ত নন; এ শিল্প এয়ারলাইনস, পরিবহন, পর্যটন অপারেটর, পেশাদার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং প্রযুক্তি কোম্পানিসহ বিভিন্ন খাতের জন্যও ব্যাপক সম্ভাবনা তৈরি করে”।
মেহেরুন ইসলাম বলেন, “বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি, বৃহৎ অভ্যন্তরীণ বাজার, উন্নত যোগাযোগব্যবস্থা, সম্ভাবনাময় বেসরকারি খাত, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমবর্ধমান উপস্থিতি দেশকে একটি আকর্ষণীয় MICE Destination হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক MICE গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়েও কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়”।
মেহেরুন এন. ইসলাম বলেন, “মাইস শিল্পের টেকসই বিকাশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংশ্লিষ্ট সরকারি সংস্থা, বেসরকারি খাত এবং শিল্পের অংশীজনদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে এ শিল্পের সম্ভাবনাকে এগিয়ে নিতে এবং বাংলাদেশের মাইস খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ”।
তিনি শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের মধ্যে কার্যকর সংযোগ ও সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি সংগঠনের দৃশ্যমানতা (Visibility) বাড়ানো, সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের উপস্থিতিতে একটি আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানের (Installation Ceremony) আয়োজনের সম্ভাবনা বিবেচনার বিষয়েও আলোচনা করেন।
মাইস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন সিনার্জি এক্সিবিশন অ্যালায়েন্সের টিপু সুলতান এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ফয়জুল আলম। পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন মিউজিক প্ল্যানেটের সাইফুদ্দিন সাকি।
এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন - কে. এম. রফিউল মুত্তাকিন (অ্যাট আর্থ বিডি প্রাইভেট লিমিটেড), রাজনুর রহমান (ইকো এক্সপো), রুবাইয়াত আহসান (অ্যালিয়ান্ট লিমিটেড), সালাহউদ্দিন রাসেল (এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেড), শহীদ সারওয়ার (মার্কেট এজ প্রাইভেট লিমিটেড), শাখাওয়াত হোসেন (বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড), শেখ পাপ্পু রাজ (ফিউচার ইভেন্টস অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড), এস কে মো. রাশেদুল হক (এক্সপোনেট ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস) এবং ড. মো. তাসলিম আমিন শোভন (ইনোগ্লোব ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড)।
মাইস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ একটি সরকার অনুমোদিত ট্রেড বডি। বাংলাদেশের মাইস শিল্পকে সুসংগঠিত, পেশাদার ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে সংশ্লিষ্ট সব অংজনের সম্মিলিত উদ্যোগ, সহযোগিতা ও কার্যকর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।
উল্লেখ্য, মেহেরুন এন. ইসলাম বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যিক সংগঠন ও চেম্বারের সঙ্গে নেতৃত্ব ও সদস্যপদের মাধ্যমে যুক্ত রয়েছেন। তিনি ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DBCCI) এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (IBCCI)-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইস্টার্ন ইউরোপিয়ান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (EEBCCI) এবং লাতিন আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (LABCCI)-এর পরিচালক। তিনি অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB), আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (AMCHAM), দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (ASSOCHAM), বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCI), বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BGCCI), বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BMCCI), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI) এবং ইন্দোনেশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (INDOBDCCI)-এর সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।