× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাল্যবিবাহ দারিদ্র্য ও অসমতার চক্র দীর্ঘস্থায়ী করে: মাহামুদুল হাসান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মিনিট আগে

ইউএনএফপিএ বাংলাদেশ আয়োজিত ‘বাল্যবিবাহ আইন সংস্কার’ শীর্ষক গণমাধ্যম সংলাপ। ছবি: ইউএনএফপিএর সৌজন্যে

ইউএনএফপিএ বাংলাদেশ আয়োজিত ‘বাল্যবিবাহ আইন সংস্কার’ শীর্ষক গণমাধ্যম সংলাপ। ছবি: ইউএনএফপিএর সৌজন্যে

বাল্যবিবাহ শুধু একটি কন্যাশিশুর জীবনকে ক্ষতিগ্রস্ত করে না, বরং দারিদ্র্য ও অসমতার চক্রকেও দীর্ঘস্থায়ী করে। ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারায় অন্তর্ভুক্ত বিশেষ বিধান বাল্যবিবাহ প্রতিরোধের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এই বিধানের অপব্যবহারের কারণে বাল্যবিবাহ বৈধতা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে এবং বাল্যবিবাহ প্রতিরোধের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

মঙ্গলবার দ্য ওয়েস্টিন হোটেলে ইউএনএফপিএ বাংলাদেশ আয়োজিত ‘বাল্যবিবাহ আইন সংস্কার’ শীর্ষক গণমাধ্যম সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭-এর ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে মা-বাবার সম্মতি এবং আদালতের নির্দেশে ১৬ বছর বয়সে কোনো মেয়ের বিয়ের সুযোগ রাখা হয়েছে। যুক্তিসংগত কারণের দোহাই দিয়ে এই বিধানের মাধ্যমে বাল্যবিবাহের সুযোগ তৈরি হচ্ছে। ফলে আইনটির মূল উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হচ্ছে। বাল্যবিবাহ রোধ করতে হলে এই বিশেষ বিধানের অপব্যবহার বন্ধ এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে”।

তিনি আরও বলেন, “বিগত শাসনামলে দেশে বাল্যবিবাহের হার নিয়ে তথ্যের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া বাল্যবিবাহের তথ্য নিয়েও সংশয় রয়েছে। শুধু বাল্যবিবাহ নয়, জন্ম ও মৃত্যুহারের পরিসংখ্যান নিয়েও সে সময় বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ ছিল। ২০২২ সালের জনশুমারিতে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ উল্লেখ করা হলেও সেই তথ্য নিয়েও নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছিল। এখনো দেশের প্রকৃত জনসংখ্যা এবং বাল্যবিবাহের প্রকৃত হার সম্পর্কে নির্ভরযোগ্য চিত্র পাওয়া কঠিন”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং। আরও বক্তব্য দেন সংস্থাটির যুব ইউনিটের প্রধান ইলিজা আজেই, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন এবং যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম।

যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম বলেন, “রাজশাহী ও সিলেট বিভাগের মধ্যে বাল্যবিবাহের হারের পার্থক্য ৩০০ শতাংশ বলে উল্লেখ করা হচ্ছে, যা প্রশ্নের জন্ম দেয়। তবে পরিসংখ্যান নিয়ে প্রশ্ন থাকলেও দেশে বাল্যবিবাহ যে এখনো হচ্ছে, সেটি বাস্তবতা। বাল্যবিবাহ প্রতিরোধে সিলেট বিভাগের অগ্রসর অভিজ্ঞতা রাজশাহী ও খুলনা বিভাগের মতো পিছিয়ে থাকা অঞ্চলে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে”।

তিনি বলেন, “বাল্যবিবাহের ক্ষেত্রে নাবালকদের দোষী করার বিধান বাতিল করা উচিত। একই সঙ্গে বৈষম্যমূলক বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধন করা জরুরি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা