গোপালগঞ্জে থানায় হামলা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ এবং দেশের বিভিন্ন স্থানে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ।
মসজিদের মাইকে উসকানি দিয়ে সহিংসতা ছড়ানোর ঘটনাকে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও নাগরিক নিরাপত্তার ওপর গুরুতর আঘাত বলে উল্লেখ করেছেন সংগঠনটির নেতারা।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পরিষদের সভাপতি কবি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন এ নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, থানায় হামলা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং সাধারণ মানুষের জানমাল ও জীবিকার ক্ষতিসাধন কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। রাজনৈতিক পরিচয় যাই হোক, এ ধরনের সহিংসতা ও নাশকতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী কিংবা অন্য কোনো অপশক্তির অপতৎপরতা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। প্রতিটি অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধী ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানি বা প্রতিহিংসার শিকার না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান।
এদিকে এসব ঘটনার প্রতিবাদে ২৫ নভেম্বর বিকাল ৪টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের কাজল মিলনায়তনে প্রতিবাদী কবিতাপাঠ, আলোচনা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় কবিতা পরিষদ।