প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মিনিট আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহকারী উপমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক অঞ্চল) ওয়েলডন এপ। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করা এবং দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধান ও আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নে কানাডার অব্যাহত সমর্থন চেয়েছেন তিনি।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহকারী উপমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক অঞ্চল) ওয়েলডন এপ। আজ সকালে অনুষ্ঠিত বাংলাদেশ ও কানাডার ষষ্ঠ দ্বিপক্ষীয় বৈঠকে (ফরেন অফিস কনসালটেশন বা এফওসি) যৌথ সভাপতিত্ব করতে ঢাকায় এসেছেন তিনি।
বৈঠকে কানাডার সহকারী উপমন্ত্রীকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতে কানাডার ভূমিকার প্রশংসা করেন তিনি।
কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর রূপরেখা তুলে ধরেন। তিনি ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতির গুরুত্ব এবং এতে নারীর কার্যকর ভূমিকার কথা উল্লেখ করেন।
দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ বেড়ে প্রায় ৪০০ কোটি কানাডীয় ডলারে পৌঁছেছে, যা অত্যন্ত সন্তোষজনক। তিনি বাণিজ্যের ক্ষেত্র আরও বহুমুখীকরণ এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এ ছাড়া কৃষি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) এবং দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের পর আরও তিন বছর কানাডার অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) অব্যাহত রাখার ঘোষণার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। ভিসা প্রক্রিয়া দ্রুত করার অনুরোধের পাশাপাশি তিনি জানান, সরকার অবৈধ অভিবাসন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে, যাতে বৈধভাবে আরও বেশি দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হয়।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনাকালে কানাডার স্থায়ী সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। বিশেষ করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা মামলার বিষয়ে কানাডার সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন, ১৯ নভেম্বরের আইসিজের রায় পুরোপুরি বাস্তবায়ন এবং প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য কানাডার মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও কানাডার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।