প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মিনিট আগে
দুপুরের খাবার খেতে কারখানা থেকে বের হচ্ছেন শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জ্বালানি সংকটের প্রভাবে দেশের শিল্প খাতে কর্মসংস্থান কমেছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন- এই তিন মাসে মাঝারি ও বৃহৎ শিল্প কারখানায় শ্রমিকের সংখ্যা কমেছে প্রায় ১ শতাংশ। ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় শ্রমিকের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৭০০ এ।
একই সময়ে কারখানাপ্রতি নতুন নিয়োগ ও চাকরি ছাড়ার হারও কমেছে। যেসব কারখানায় নতুন নিয়োগ হয়েছে, তার বেশিরভাগই ছিল চাকরি ছেড়ে যাওয়া শ্রমিকদের শূন্য পদ পূরণের জন্য।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস সম্মেলন কক্ষে ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০ সূচক: সংক্ষিপ্ত পরিচিতি’ শীর্ষক সেমিনারে জরিপের ফলাফল তুলে ধরা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিশেষ অতিথি ছিলেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল।
জরিপের তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে মাঝারি ও বৃহৎ শিল্পের প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় প্রায় অপরিবর্তিত ছিল। উৎপাদন কমেছে মাত্র ০.৪ শতাংশ। তবে কারখানাগুলোর সক্ষমতার গড় ব্যবহার ৬৭ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। খাতভেদে উৎপাদনে ভিন্ন চিত্র দেখা গেছে। টেক্সটাইল শিল্পে সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে নেমেছে। অন্যদিকে তৈরি পোশাক (আরএমজি) খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।
জরিপে অংশ নেওয়া ১৩০টি কারখানার মধ্যে ৪০টিতে উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে। বিপরীতে ৩০টি কারখানায় উৎপাদন কমেছে।
জরিপে শিল্প খাতের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের সংকট। কারখানাগুলোতে গ্রিড বিদ্যুতের গড় দৈনিক বিভ্রাট বেড়ে ৪ দশমিক ১ ঘণ্টায় দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। গ্যাস সরবরাহে দৈনিক গড় বিঘ্ন ০.৯ ঘণ্টা থেকে বেড়ে ৩.২ ঘণ্টা হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ নিয়ে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে মাত্র ৭ শতাংশে নেমেছে। জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে তাদের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে।
এ সংকটের প্রভাব পড়েছে উৎপাদন ব্যয়েও। প্রতি কারখানায় জ্বালানি ব্যয় বেড়েছে ৫ শতাংশ এবং পরিবহন ব্যয় বেড়েছে ১০ শতাংশ। এ ছাড়া ৯৪ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের কাঁচামালের দাম বেড়েছে। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফার ওপর চাপ তৈরি হয়েছে।
জরিপের কর্মসংস্থানসংক্রান্ত তথ্যে দেখা যায়, তিন মাসে শিল্প কারখানায় মোট শ্রমিকের সংখ্যা প্রায় ১ শতাংশ কমেছে। ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে কমে শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৭০০ তে।
একই সময়ে কারখানাপ্রতি নতুন নিয়োগ এবং চাকরি ছাড়ার সংখ্যা উভয়ই ১৯ শতাংশ কমেছে। তবে নতুন নিয়োগের বেশিরভাগই নতুন কর্মসংস্থান তৈরির পরিবর্তে চাকরি ছেড়ে যাওয়া শ্রমিকদের শূন্য পদ পূরণে ব্যবহৃত হয়েছে। ফলে শিল্প খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টির গতি দুর্বল হয়ে পড়েছে।
শিল্প উদ্যোক্তাদের ব্যবসায়িক মনোভাবেও নেতিবাচক পরিস্থিতির প্রতিফলন দেখা গেছে। বিআইডিএসের জরিপে বর্তমান ব্যবসায়িক অবস্থার পাঁচটি সূচকের সবকটিই ৫০-এর নিচে রয়েছে। এসব সূচকের মান ৩৬ থেকে ৪৩-এর মধ্যে, যা শিল্প খাতের দুর্বল অবস্থার ইঙ্গিত দেয়।
তবে আগামী তিন মাসের বিষয়ে কিছুটা আশাবাদী উদ্যোক্তারা। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যবসায়িক পরিস্থিতি ও উৎপাদন কিছুটা উন্নতির প্রত্যাশা করছেন তারা। আগামী তিন মাসের প্রত্যাশাসূচক ৪৯ থেকে ৫৪-এর মধ্যে রয়েছে। বিশেষ করে উৎপাদন সূচক ৫৪ হওয়ায় উৎপাদন সামান্য বাড়ার আশা করছেন উদ্যোক্তারা।
সেমিনারে বিআইডিএস জানায়, স্বল্পমেয়াদে শিল্প খাতের প্রকৃত অবস্থা বোঝার জন্য নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি রয়েছে। ত্রৈমাসিক জিডিপির তথ্য প্রকাশে বিলম্ব হয় এবং এতে ওঠানামাও বেশি থাকে। অন্যদিকে শিল্প উৎপাদনের পরিমাণগত তথ্য স্বল্পমেয়াদি নীতি বিশ্লেষণে যথেষ্ট ব্যবহার করা হয় না। বিদ্যমান অনেক তথ্য আবার ব্যবসায়ীদের ধারণানির্ভর। এ কারণে সরকারি পরিসংখ্যানের পাশাপাশি স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে শিল্প খাতের অবস্থা পরিমাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে সেমিনারে জিডিপির ফরেনসিক অডিটের তথ্যও তুলে ধরা হয়। অডিট অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধি প্রতিবছর প্রায় ০.৭ থেকে ১.৩ শতাংশ পয়েন্ট বেশি দেখানো হয়েছে। ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত বাড়তি প্রবৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাত থেকে। এর প্রায় ৭৯ শতাংশের অবদান ছিল মাঝারি ও বৃহৎ শিল্পের। এ পরিস্থিতিতে সরাসরি কারখানা থেকে তথ্য সংগ্রহ ও স্বাধীনভাবে যাচাইয়ের মাধ্যমে শিল্প খাতের প্রকৃত অবস্থা নিরূপণ করা জরুরি বলে মনে করছে বিআইডিএস।
বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০ সূচক তৈরি করা হচ্ছে প্রতি তিন মাসে মাঝারি ও বৃহৎ শিল্প কারখানার ওপর জরিপের ভিত্তিতে। শিল্পনীতি ২০২২ অনুযায়ী, ১৪টি উপখাতের মাঝারি ও বৃহৎ শিল্পের ১০০টি কারখানা নিয়ে একটি স্থায়ী প্যানেল গঠনের পরিকল্পনা রয়েছে। এসব উপখাত দেশের মাঝারি ও বৃহৎ শিল্পের মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশের প্রতিনিধিত্ব করে। নমুনায় কোনো কারখানা বাদ পড়লে তার পরিবর্তে অতিরিক্ত কারখানা অন্তর্ভুক্ত করার ব্যবস্থাও রাখা হয়েছে।
এ সূচকে চারটি পৃথক বিষয় পর্যবেক্ষণ করা হবে। এগুলো হলো- উৎপাদন, অর্ডার, বিক্রি ও সক্ষমতার ব্যবহার; কাঁচামাল, জ্বালানি ও আমদানিকৃত উপকরণের প্রাপ্যতা ও দাম; কর্মসংস্থান, শ্রমিক সংখ্যা, নিয়োগ ও চাকরি ছাড়ার পরিস্থিতি; এবং ব্যবসায়িক মনোভাব ও আগামী তিন মাসের প্রত্যাশা।
চারটি সূচককে একত্র করে একটি সমন্বিত সূচক তৈরি করা হয়নি। কারণ, এতে উৎপাদন স্বাভাবিক থাকলেও ব্যয় বেড়ে যাওয়া কিংবা কর্মসংস্থান কমলেও উদ্যোক্তাদের প্রত্যাশা উন্নত হওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়াল হয়ে যেতে পারে।
এ জরিপে ক্ষুদ্র শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়নি। বিআইডিএসের মতে, আকার, প্রযুক্তি ও বাজারের ধরনে ক্ষুদ্র শিল্পের মধ্যে ব্যাপক বৈচিত্র্য রয়েছে। ফলে মাঝারি ও বৃহৎ শিল্পের সঙ্গে একই সূচকে ক্ষুদ্র শিল্পকে অন্তর্ভুক্ত করলে কোনো খাতেরই প্রকৃত চিত্র যথাযথভাবে পাওয়া কঠিন।
এপ্রিল-জুন ২০২৬ সময়ের প্রথম জরিপে ১৩০টি কারখানার তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের সঙ্গে তুলনা করে ফলাফল তৈরি করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় রাউন্ডের জরিপ চলছে।