× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে: জাহেদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মিনিট আগে

শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে: জাহেদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে তার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন- কীভাবে তাকে দেশে ফেরানো হবে, সেটি ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার খবর প্রকাশের পর এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন উপদেষ্টা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, সে বিষয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনা হচ্ছে না। আলোচনাটি হবে ভারতের সঙ্গে।

তার ভাষ্য, শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, তিনি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন এবং সাজাপ্রাপ্ত। বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ভারতের সঙ্গে নির্ধারণ করা হবে।

শেখ হাসিনার প্রত্যাবর্তনের পদ্ধতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন- কীভাবে হস্তান্তর করা হবে, তা ভারতের সঙ্গে আলোচনার বিষয়।

প্রত্যর্পণ নিয়ে সরকারের অবস্থান

জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চায়। শেখ হাসিনা নিজেই যদি দেশে ফিরতে চান, তাহলে তাকে ফেরানোর ক্ষেত্রে নতুন করে আইনি জটিলতা থাকার কোনো কারণ তিনি দেখছেন না।

তিনি বলেন, “শেখ হাসিনা চাইলে ভারতকে সরাসরি তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানাতে পারেন। বাংলাদেশও তাকে ফেরত চায়। ফলে দুই পক্ষের অবস্থান মিলে গেলে প্রত্যর্পণের বিষয়টি সহজেই এগিয়ে নেওয়া সম্ভব।”

উপদেষ্টার মতে, ভারতকে জোর করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে-বিষয়টি এমন নয়। শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন এবং বাংলাদেশ তাকে ফেরত চাচ্ছে। তাই ভারতের মাধ্যমে প্রত্যর্পণই হতে পারে এ ক্ষেত্রে সমাধান।

বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দুই দেশই ভৌগোলিকভাবে প্রতিবেশী। একে অপরকে পরিবর্তন করার সুযোগ নেই। তাই ইতিবাচকভাবে সম্পৃক্ত থাকা ছাড়া দুই দেশের সামনে বিকল্প নেই।

তিনি বলেন, আগে বলা হতো বন্ধু পরিবর্তন করা যায়, কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না। কথাটি বাংলাদেশের মতো ভারতের ক্ষেত্রেও সত্য। ফলে দুই দেশের স্বার্থেই ইতিবাচক যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখা প্রয়োজন।

অন্যদিকে, শেখ হাসিনার মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। তবে নির্ধারিত দিনে তিনি কীভাবে বাংলাদেশে ফিরবেন, তা এখনও চূড়ান্ত নয়। এ বিষয়ে বাংলাদেশের সরকারের অবস্থান, ভারতের সঙ্গে প্রত্যর্পণ আলোচনা এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তের ওপরই তার প্রত্যাবর্তনের প্রক্রিয়া নির্ভর করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা