নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসকে কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসকে কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে ভয়ের কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ারও কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন।”
তিনি বলেন, কিছুদিন আগে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছেন। তাদের দাবিদাওয়া উপস্থাপন পর্যন্ত আন্দোলন যৌক্তিক। তবে এ আন্দোলনের আড়ালে কিংবা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।
এসআরবির এই কর্মকর্তা জানান, ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
নাশকতা প্রতিরোধে সাধারণ মানুষের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। কারণ, অনেক নাশকতাকারীকে সাহসী জনগণ নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন।”
জনগণকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে হাফিজুর রহমান বলেন, “আপনাদের কাছে কোনো ধরনের তথ্য থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের নাশকতা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ভয় পাওয়ার কিছু নেই।”