বাসস
প্রকাশ : ১৮ মিনিট আগে
তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মঙ্গলবার কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। ছবি: বাসস
নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশে অন্তত ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১২১টি দেশি বোমা বিস্ফোরণ এবং ৯৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা রয়েছে।
সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। রাজধানীর তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরেন।
উপদেষ্টা জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত ৬২টি মামলা হয়েছে, সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে ২৭টি। গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে।
তিনি বলেন, “একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির নিষিদ্ধ সহযোগী সংগঠন কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের ৭২টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে”।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি ও কার্যক্রমের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার কারণে এসব কর্মকাণ্ডকে বেআইনি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান উপদেষ্টা। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।