শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৪ মিনিট আগে
আপডেট : ৩ মিনিট আগে
প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, “মনের জ্বালায় পয়সা দিয়ে, মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “তিনি (শেখ হাসিনা) সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে (শেখ হাসিনা) কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।”
উল্লেখ্য, শেখ হাসিনা বিজয় দিবসে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফেরার পরিকল্পনা করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারকে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সংবিধানবহির্ভূত’ পরিস্থিতিতে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার সরকারের পতন ঘটানো আন্দোলন ও সংঘাতে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।