রয়টার্সের প্রতিবেদন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৮ মিনিট আগে
আপডেট : ৪ মিনিট আগে
শেখ হাসিনা। ফাইল ছবি
দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজয় দিবসে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফেরার পরিকল্পনা করেছেন তিনি। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র।
এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এদিকে শেখ হাসিনা নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্যোগ নেওয়ার পর দেশে রাজনৈতিক সহিংসতাও বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত আগস্টের শুরুতে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছিল। সম্প্রতি তিনি নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথি সংগ্রহের উদ্যোগ নেন। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় বিমান ব্যবহারের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারকে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সংবিধানবহির্ভূত’ পরিস্থিতিতে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
এ বিষয়ে বাংলাদেশের সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
তবে গত রবিবার রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার সরকারের পতন ঘটানো আন্দোলন ও সংঘাতে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
সূত্র: রয়টার্স