প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মিনিট আগে
নাশকতা রোধে ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন। ছবি: আনসার ব্যাটালিয়নের সৌজন্যে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাসহ যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বর্তমানে দেশের ৯টি জেলায় মোট ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।
আজ সোমবার বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দিন-রাত পালাক্রমে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চল, জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও কৌশলগত স্থাপনাগুলোতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতেও কাজ করছেন তারা।
দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরে কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গাজীপুরে অতিরিক্ত ৪ প্লাটুনসহ মোট ১৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে, যারা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন।
এ ছাড়া গোপালগঞ্জে ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ফরিদপুরে ৫ প্লাটুন, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে ২ প্লাটুন করে সদস্য মোতায়েন রয়েছে। এসব জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কদের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত টহল, চেকপোস্ট পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান এবং মোবাইল টিমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনজীবন স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে কাজ করছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে।
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। জননিরাপত্তায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন বাহিনীর সদস্যরা।