ঢাকার বস্তিবাসী ও উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের দুটি উন্নয়ন প্রকল্প নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
এর মধ্যে ঢাকা শহরের বস্তি উন্নয়নে ৫০ মিলিয়ন এবং উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় বন্যা মোকাবিলা ও জীবন-জীবিকার সুরক্ষায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
সোমবার সচিবালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্য পেসমির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ড. আবদুল মঈন খান।
বৈঠকে ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ এবং ‘স্লাম ইমপ্রুভমেন্ট ইন ঢাকা সিটি’ শীর্ষক প্রকল্প দুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় বন্যা সহনশীলতা ও মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় ২০০ মিলিয়ন ডলার এবং ঢাকা শহরের বস্তি উন্নয়নে ৫০ মিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, সরাসরি দ্বিপক্ষীয় সহায়তার তুলনায় বিশ্বব্যাংকের অর্থায়নে উন্নয়ন সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ সুযোগ রয়েছে। এ কারণে বিশ্বব্যাংককে বাংলাদেশ সব সময় গুরুত্ব দিয়ে থাকে। বৈঠকে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে।
উপকূলীয় এলাকার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ অঞ্চলের মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন। তাদের জীবন-জীবিকা সুরক্ষা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে ২০০ মিলিয়ন ডলারের কর্মসূচিটি নেওয়া হচ্ছে।
বৈঠকে কমিউনিটি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ উন্নয়নে সমন্বিত পরিকল্পনা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।
মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের সাফল্য নির্ভর করে জনঅংশগ্রহণ, অংশীজনদের সুবিধা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি সুফল অর্জনের ওপর। স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম কার্যকর করতে জনপ্রতিনিধিদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোও জরুরি। এ জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান তিনি।