প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মিনিট আগে
তথ্য কমিশন লোগো। ফাইল ছবি
তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগ নিষ্পত্তিতে কার্যক্রম জোরদার করেছে নবগঠিত তথ্য কমিশন বাংলাদেশ। এর ধারাবাহিকতায় আজ সোমবার শুনানি শেষে আরও আটটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
এ নিয়ে কমিশন পুনর্গঠনের পর গত পাঁচ কার্যদিবসে মোট ৩৩টি অভিযোগের শুনানি নিয়ে ২৮টি অভিযোগ নিষ্পত্তি করল কমিশন। অবশিষ্ট পাঁচটি অভিযোগের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার তথ্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আজকের শুনানিতে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন অংশ নেন।
তথ্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের শুনানিতে আসা অভিযোগগুলোর মধ্যে ছিল দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলের জমির পরিমাণ, উপজেলাভিত্তিক জমির বিবরণ এবং ওই জমিতে থাকা জলাশয়, হাটবাজার ও দোকানপাটসংক্রান্ত তথ্য না পাওয়ার বিষয়।
এ ছাড়া জমি রেজিস্ট্রিতে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগের বিষয়ে নেওয়া ব্যবস্থা, তদন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্রের সত্যায়িত অনুলিপি পাওয়ার আবেদনও শুনানিতে ওঠে। পাশাপাশি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ গমন, ভবন নির্মাণ, অর্থের উৎস ও নকশা, গাছ কাটার অনুমোদন এবং সরকারি বাসভবন ব্যবহারের বিভিন্ন বিষয়ে তথ্য না পাওয়ার অভিযোগগুলো শুনানি শেষে নিষ্পত্তি করা হয়।