× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার, জানাল বিজিবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মিনিট আগে

আপডেট : ৭ মিনিট আগে

ময়মনসিংহ সেক্টর সীমান্তে টহল ও নিরাপত্তা কার্যক্রমে বিজিবি সদস্যরা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সেক্টর সীমান্তে টহল ও নিরাপত্তা কার্যক্রমে বিজিবি সদস্যরা। ছবি: সংগৃহীত

বিতর্কিত, পলাতক কিংবা ফেরারি কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন।

একই সঙ্গে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মানব পাচার ও পুশইন প্রতিরোধে নজরদারি আরও জোরদার করেছে বাহিনীটি।

সোমবার সকালে ময়মনসিংহের শহিদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

এ সময় সেক্টরের সার্বিক সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা জোরদারে নেওয়া পদক্ষেপ এবং চলমান অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিজিবির এই কর্মকর্তা।

কর্নেল নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন সদস্যরা। যেকোনো অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

২৪৩ কিলোমিটার সীমান্তে বাড়তি নজরদারি

বিজিবি সেক্টর কমান্ডার জানান, ময়মনসিংহ সেক্টরের অধীনে প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারির বিষয়ে তিনি বলেন, বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা এবং ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে।

দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ যান এটিভি ব্যবহার করা হচ্ছে। জনবল বাড়ানোর পাশাপাশি প্রতিটি বর্ডার আউটপোস্টে (বিওপি) নিয়মিত চারটি টহলের সঙ্গে বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।

সীমান্তে সন্দেহজনক তৎপরতা নিয়ে যা জানাল বিজিবি

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল নাসির উদ্দিন জানান, হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় সম্ভাব্য তৎপরতা নিয়ে কিছু তথ্য পেয়েছে বিজিবি। তবে গোয়েন্দা নজরদারি, মাঠপর্যায়ের তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেসব তথ্য যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত ওইসব এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা নজরে আসেনি।

তিনি বলেন, কোনো তথ্যকেই অবহেলা করা হচ্ছে না। প্রাপ্ত তথ্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিএফআই ও এনএসআইয়ের সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে। মাঠপর্যায়ে সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুশইন প্রতিরোধ, উদ্ধার ১৩ বাংলাদেশি

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিরোধ করেছে বিজিবি। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৫৮ জন মানব পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সেক্টর কমান্ডার।

মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, একই সময়ে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

স্থানীয়দের সহযোগিতা চাইল বিজিবি

সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন কর্নেল নাসির উদ্দিন।

তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। সবার সম্মিলিত সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করা সম্ভব।

দেশের সার্বভৌমত্ব, সীমান্ত সুরক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা