স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে পরিচালিত ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম্প) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) কার্যক্রম পর্যালোচনায় জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন কেএফডব্লিউর রিভিউ মিশন শুরু হয়েছে।
কেএফডব্লিউর পোর্টফোলিও ম্যানেজার জোহানেস হ্যাংগস্টের নেতৃত্বে পরিচালিত এ মিশনে রয়েছেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল টেকনিক্যাল এক্সপার্ট পিটার রোনি এবং পোর্টফোলিও কোঅর্ডিনেটর (আরবান ডেভেলপমেন্ট) এস কে তৌহিদুর রহমান।
রবিবার সকালে মিশন টিম ক্রিলিকের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনাবিষয়ক সভায় অংশ নেয়। সভায় উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ। পরে মিশন সদস্যরা ক্রিম্প প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত আরেকটি আলোচনা সভায় যোগ দেন।
একই দিন দুপুরে অনুষ্ঠিত হয় মিশনের আনুষ্ঠানিক উদ্বোধনী (কিক-অফ) সভা। এতে সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ।
সভায় ক্রিম্প প্রকল্পের পরিচালক মো. আবদুল খালেক বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। এ সময় ক্রিম্প-ক্রিলিকের নির্বাহী ও সহকারী প্রকৌশলী, ডিএমএস কনসালট্যান্টের টিম লিডার ও ডেপুটি টিম লিডারসহ বিভিন্ন পর্যায়ের পরামর্শকেরা উপস্থিত ছিলেন।
মিশনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এর সদস্যরা স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং জার্মান দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে ক্রিলিকের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
এসব আলোচনার মাধ্যমে ক্রিম্প প্রকল্প ও ক্রিলিকের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।