প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মিনিট আগে
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার হালনাগাদ ডেঙ্গু বিষয়ক তথ্য বিবরণী থেকে আজ রবিবার এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা। এ সময়ে অন্য কোনো বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেনি।
গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ ৭৫৫ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া খুলনা বিভাগে ১৭৪ জন, বরিশালে ১৬৭, চট্টগ্রামে ১৫০, রাজশাহীতে ১৩৩, ময়মনসিংহে ৭৬ এবং রংপুর বিভাগে ৬৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জন। এর মধ্যে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫১৮ জনের। মোট মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ২৬১ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৮৮ জন, চট্টগ্রামে ৫২, ময়মনসিংহে ৪০, বরিশালে ৩৩, রাজশাহীতে ৩১, রংপুরে ৯ এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৪০২ জন রোগী ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।