বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও সিপিএর মহাসচিব স্টিফেন টুইগ। গত ২০ নভেম্বর যুক্তরাজ্যের পার্লামেন্টে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংসদীয় গণতন্ত্রের বিকাশ, জাতীয় সংসদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, আইন প্রণয়ন প্রক্রিয়ার উৎকর্ষ সাধন, সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের বিষয়ও গুরুত্ব পায়।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এসব লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ণ রেখে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সংসদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ।
সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে নিয়মিত যোগাযোগ, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।