লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য ভারতের কয়েকটি গণমাধ্যম ভুলভাবে ব্যাখ্যা ও উপস্থাপন করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি বলে স্পষ্ট করেছেন মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
রবিবার গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৯ নভেম্বর লালমনিরহাটের জনসভায় কোনো দেশের নাম উল্লেখ করেননি। অথচ ভারতের কয়েকটি গণমাধ্যম তাঁর বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করেছে।
মুখপাত্র বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা বিভিন্ন মহাদেশে বেপরোয়াভাবে তৎপরতা চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তাদের চালানো গুরুতর সহিংসতা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে। তারা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তা সমস্যার সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, এসব নৃশংস কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নেতিবাচকভাবে উপস্থাপন করে তাদেরও ক্ষতিগ্রস্ত করছে। এই বিপদ আরও বিস্তৃত হওয়ার আগেই তা নির্মূলে সব দেশের দায়িত্ব রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এর বিরুদ্ধে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৬ বছর জোর করে দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। দেশ ছেড়ে পালিয়েও তারা অগ্নিসংযোগ, মানুষ হত্যা ও পেছন থেকে হামলার রাজনীতিতে ফিরে এসেছে।