× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানের প্রকৌশল বিভাগ কাঠগড়ায়

আজিজুল ইসলাম

প্রকাশ : ১৫ মিনিট আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ। ছবি: উইকিপিডিয়া

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ। ছবি: উইকিপিডিয়া

একটির পর একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। কখনও আকাশে ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে পড়ছে, কখনও ককপিটের সামনের কাচে ফাটল, আবার কখনও উড্ডয়নের আগে একাধিক ত্রুটির সংকেত। এসব ঘটনায় জরুরি অবতরণ, ফ্লাইট বাতিল কিংবা বিদেশের বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।

গত তিন মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি উড়োজাহাজে এসব ঘটনা ঘটেছে। এতে প্রশ্ন উঠেছে সংস্থাটির প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে পাঁচটি যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ার পরও কীভাবে আগে কারিগরি ছাড়পত্র দেওয়া হয়েছিল, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, গত ৭ আগস্ট টরন্টো থেকে ঢাকাগামী বিজি-৩০৬ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে জরুরি অবতরণ করে। মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী দল ও খুচরা যন্ত্রাংশ পাঠাতে হয়। ১৬ আগস্ট কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিজি-৩৭২ ফ্লাইটের উড্ডয়নের আগে ককপিটের উইন্ডশিল্ডে ফাটল দেখা দিলে ফ্লাইট বাতিল করা হয়। ১০ অক্টোবর কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি-৪৩৬ ফ্লাইটের একটি ল্যান্ডিং গিয়ার চাকা খুলে পড়লে উড়োজাহাজটি ঢাকায় জরুরি অবতরণ করে। সর্বশেষ ২৯ অক্টোবর জাপানের নারিতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটে উড্ডয়নের আগে পাঁচটি যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়া যায়। 

একের পর এক ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলেও দায় নির্ধারণ ও জবাবদিহি নিশ্চিত হয়নি। বিশেষ করে প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ সফরে একাধিক ত্রুটির সংকেত পাওয়ার পরও কীভাবে উড়োজাহাজটিকে উড্ডয়নের উপযোগী ঘোষণা করা হয়েছিল, তার স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। নারিতার ঘটনার পরদিন ৩০ অক্টোবর চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিমান কর্তৃপক্ষ। কমিটি উড়োজাহাজের কারিগরি লগবুক, রক্ষণাবেক্ষণের নথি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা পর্যালোচনা করছে। তবে তদন্তের ফল, দায়ীদের ভূমিকা ও ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে গৃহীত ব্যবস্থা এখনও স্পষ্ট নয়।

বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের বলেন, “আসলে এটা কোনো ষড়যন্ত্র ছিল না। এমন যান্ত্রিক ত্রুটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিমানের পাখা স্টাক হয়েছিল”।

উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ঘটতে পারে। কিন্তু ত্রুটি থাকা অবস্থায় কীভাবে কারিগরি ছাড়পত্র দেওয়া হলো, সেটিই মূল প্রশ্ন।

প্রতিদিনের বাংলাদেশের হাতে আসা তথ্য অনুযায়ী, নারিতায় প্রাক্‌-উড্ডয়ন পরিদর্শনের পর প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া উড়োজাহাজটির এয়ারওয়ার্দিনেস ও রিলিজ সার্টিফিকেট দেন। যাত্রী পরিবহনের ছাড়পত্র দেন ক্যাপ্টেন ইমামুল। অথচ রানওয়ের দিকে যাওয়ার সময় একের পর এক ত্রুটির সংকেত দেখা যায়। পরে বিমানের প্রকৌশলী দল ও জাপানি টেকনিশিয়ানদের প্রচেষ্টায় ত্রুটি মেরামত করা হয়। প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

প্রকৌশল বিভাগের জবাবদিহি কোথায়?

প্রধানমন্ত্রীর ফ্লাইটের ঘটনায় সংশ্লিষ্ট প্রকৌশলী, নারিতা স্টেশনের কান্ট্রি ম্যানেজার ও মেইনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের তথ্য প্রকাশিত হয়েছে। প্রকৌশল বিভাগের পরিচালকের দায়িত্ব থেকেও একজনকে প্রত্যাহার করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে”। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “ত্রুটি শনাক্ত হওয়ার পর উড়োজাহাজটি আর উড্ডয়ন করেনি। বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে”।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “প্রতিটি ঘটনার পর তদন্ত কমিটি গঠনই কি নিয়মিত রক্ষণাবেক্ষণ ব্যবস্থার দুর্বলতা দূর করার জন্য যথেষ্ট? দায় নির্ধারণ, জবাবদিহি ও প্রকৌশল বিভাগের কাঠামোগত সংস্কার নিশ্চিত না হলে একই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থাকবে। একের পর এক যান্ত্রিক ত্রুটিতে বিমানের ভাবমূর্তি ও যাত্রীদের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা