পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: এআই দিয়ে সম্পাদিত
স্বদেশের রাজনৈতিক অঙ্গনে ফের বেড়েছে বৈদেশিক কূটনৈতিক তৎপরতা। আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে জুলাই আন্দোলনের পর থেকে পর্দার অন্তরালে কূটনৈতিক যে তৎপরতা চলছিল, এখন তা প্রকাশ্যে আসতে শুরু করেছে।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শীর্ষ পর্যায় থেকে দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র, ইইউ, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, তুরস্ক ও ভারতের কূটনীতিকদের সঙ্গে রাজনীতি ও অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল। অবশ্য শুধু সরকারি দলের সঙ্গেই নয়, বিরোধী দলসমূহের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গেও নতুন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বিদেশি কূটনীতিকদের যোগাযোগ স্থাপিত হচ্ছিল। তবে বেতন বাড়ানোর দাবিতে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা দেখা দেওয়ার পর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতে গোপালগঞ্জসহ দেশজুড়ে সহিংস কর্মকাণ্ড শুরু হওয়ার পর কূটনীতিকদের দৌড়ঝাঁপ অনেক বেড়েছে।
এমন প্রেক্ষাপটে সর্বশেষ গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ কূটনীতিকের ধারাবাহিক বৈঠক ছিল উল্লেখযোগ্য। যদিও এ বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে অভিহিত করে কূটনীতিকরা আলোচ্য বিষয় সম্পর্কে মুখ খোলেননি। এর আগে গত ১৬ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাস। এই সাক্ষাতের পর পিটার হাস সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। পরে গণমাধ্যমে এই বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎ ও ব্যবসায়িক বৈঠক’ হিসেবে আখ্যা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পাশাপাশি এমন তথ্যও মিলেছে যে, বিদেশি কূটনীতিকরা শুধু সরকারের নীতিনির্ধারক ও এদেশের বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতিকদের সঙ্গেই বৈঠক করছেন না, তারা ‘বাংলাদেশ’ প্রসঙ্গকে আলোচনার কেন্দ্রে রেখে নিজেদের মধ্যেও বৈঠক করছেন। বিভিন্ন সূত্র জানাচ্ছে, গত ১২ নভেম্বর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ভারতীয় হাইকমিশনে গিয়ে দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। তবে দুই কূটনীতিকের মধ্যে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছে সূত্রটি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এবং বিনিয়োগ নিরাপত্তার স্বার্থোপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কূটনীতিকরা এই তৎপরতা চালাচ্ছেন। তারা বলছেন, সরকার যদি দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা সুপ্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে না পারে তাহলে আগামীতে এই তৎপরতা আরও বাড়বে। তারা বলছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশের জন্য রাজনৈতিক বিভাজনের সমাধান জরুরি। অথচ বিশেষত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির ডিসেম্বরে দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থায় কূটনৈতিক মহলে ও রাষ্ট্রদূতদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা আবেদন এবং দলটির কার্যক্রমে আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হওয়া অস্বাভাবিক নয় এবং সম্ভবত সেরকমই হচ্ছে।
তবে সরকারের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার বিষয়ে কঠোর মনোভাব প্রকাশ করা হয়েছে। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই এ পরিস্থিতির কঠোর সমালোচনা করে বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।’ গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন আছে এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে কি না, সেটিও খতিয়ে দেখছে সরকার।’ এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সম্প্রতি বলেছেন, ‘শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে দেশে ফেরানোর ক্ষেত্রে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। ভারত থেকে তাকে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি আবারও জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি এবং আইন অনুযায়ীই এর সমাধান করা হবে।
এমন পরিস্থিতিতে অনেকেই মনে করেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রত্যর্পণ ও প্রত্যাবর্তনের মধ্যে ঢাকা-দিল্লি সম্পর্কের বিষয়টি ঘুরপাক খাচ্ছে। বিষয়টি অন্যসব দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নানা প্রভাব ফেলছে।
দেশের রাজনীতিতে কূটনীতিকদের এই তৎপরতা প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ড. ইমতিয়াজ আহমেদ গতকাল শনিবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের হস্তক্ষেপের সুযোগ তৈরি করে দিচ্ছে। ধর্মঘট, ভাঙচুর ও বিভিন্ন আন্দোলন সামাল দিতে সরকারের ব্যর্থতার কারণে বিদেশি বিনিয়োগকারীরা নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবসা নিয়ে শঙ্কিত হয়ে পড়ছেন। অভ্যন্তরীণ এই দুর্বলতার সুযোগে বহির্বিশ্ব ও কূটনীতিকরা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা তারা মূলত নিজেদের বিনিয়োগ সুরক্ষা নিশ্চিত করার জন্য করে থাকেন। যদি সরকার দ্রুত এই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে একটি শক্তিশালী কাঠামো তৈরি করতে পারে, তবেই বিদেশি শক্তির অযাচিত হস্তক্ষেপ রোধ করা সম্ভব হবে। অন্যথায়, দেশের এই নেতিবাচক পরিস্থিতির সুযোগ নিয়ে বাইরের দেশগুলোর তৎপরতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”।
তবে এই কূটনৈতিক তৎপরতাকে ‘স্বাভাবিক প্রক্রিয়া’ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান।
তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “এটা কূটনৈতিক যোগাযোগের এক স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া। পশ্চিমা দেশসমূহ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের মধ্যে নিয়মিত বৈঠক ও আলোচনা তাদের দৈনন্দিন কাজের অংশ এবং এতে বিশেষ বা নতুন কিছু ঘটেনি”।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বাংলাদেশের কূটনীতিতে কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছÑ অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা থেকে দেশের রাজনীতি ও অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় আনা; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যুকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা; রোহিঙ্গা প্রত্যাবাসনকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে রাখা; যুক্তরাষ্ট্র, চীন, ভারত, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা; এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশের ভূমিকা বাড়ানো। তাদের মতে, রোহিঙ্গা সংকটের সমাধানে চীন ও ভারতের মতো আঞ্চলিক শক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক ও মানবিক সহযোগিতাও বাংলাদেশের জন্য প্রয়োজনীয়।