সশস্ত্র বাহিনী দিবস
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মিনিট আগে
আপডেট : ১২ মিনিট আগে
শনিবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জাহাজ পরিদর্শনের সুযোগ পান দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর পাঁচটি জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। শনিবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় এসব জাহাজ।
ঢাকার সদর ঘাঁটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা বিজয় এবং বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা অপরাজেয় দেখার সুযোগ পান দর্শনার্থীরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, দিবসটি উপলক্ষ্যে আয়োজিত এ বিশেষ কার্যক্রমে বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিপুল সংখ্যক দর্শনার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তাঁরা জাহাজের বিভিন্ন অংশ, নৌবাহিনীর দৈনন্দিন কার্যক্রম ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় বাহিনীর ভূমিকা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। নৌবাহিনীর সদস্যরা দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন এবং জাহাজ পরিদর্শনে সহযোগিতা করেন।
নৌবাহিনী জানায়, এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়েছে। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে নৌবাহিনীর অবদান ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।