প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মিনিট আগে
জেন্ডার সংবেদনশীলতা ও সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সংবাদ সংগ্রহ, বিশ্লেষণ ও পরিবেশনের প্রতিটি পর্যায়ে সমতা, মানবিক মর্যাদা ও মানবাধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তারা বলেছেন, সংবাদে ব্যবহৃত শব্দ, শিরোনাম ও ছবি বৈষম্যকে স্বাভাবিক করে তুলতে পারে। তাই নারী, পুরুষ ও বিভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের অভিজ্ঞতা ও অধিকারকে সমান গুরুত্ব দিতে হবে।
শনিবার রাজধানীর কাকরাইলের একটি হোটেলে জেন্ডার সংবেদনশীলতা ও সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তারা।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সঙ্গে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় আইনবিষয়ক সাংবাদিকদের জেন্ডারবিষয়ক ধারণা, বিদ্যমান আইন, বৈষম্য, সংবেদনশীল সাংবাদিকতার চর্চা এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণে জনস্বার্থ মামলার ভূমিকা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, নেটওয়ার্ক ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের নির্বাহী পরিচালক সানাইয়া ফাহীম আনসারী, সুপ্রিম কোর্টের আইনজীবী সিনথিয়া ফরিদ, আনীতা গাজী রহমান ও প্রিয়া আহসান চৌধুরী এবং এলআরএফের জ্যেষ্ঠ সদস্য শহীদুজ্জামান।
কর্মশালায় বলা হয়, জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতায় বিভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের অভিজ্ঞতা, প্রয়োজন ও অধিকারকে সমান গুরুত্ব দিতে হয়। একই সঙ্গে সামাজিক বৈষম্য, ক্ষমতার অসমতা ও প্রচলিত ধারণা মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করে, তা তুলে ধরতে হয়।
সানাইয়া ফাহীম আনসারী বলেন, সংবাদে ব্যবহৃত শব্দ, শিরোনাম ও ছবি মানুষের ধারণা, সংশ্লিষ্ট ব্যক্তির মর্যাদা ও নিরাপত্তায় প্রভাব ফেলে। তাই তথ্যের সত্যতা, নিরপেক্ষতা, মানবিক মর্যাদা ও ক্ষতি প্রতিরোধকে গুরুত্ব দিতে হবে।
বিশেষজ্ঞরা বলেন, জেন্ডার বৈষম্য শুধু নারী-পুরুষের সুযোগের পার্থক্য নয়। সম্পদে প্রবেশাধিকার, সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও মতপ্রকাশের সুযোগের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। সংবাদে কার বক্তব্য গুরুত্ব পাচ্ছে, কার অভিজ্ঞতা উপেক্ষিত হচ্ছে এবং কাকে বিশেষজ্ঞ হিসেবে তুলে ধরা হচ্ছে, তা বিবেচনা করা জরুরি।
কর্মশালায় বলা হয়, নারী সাংবাদিকের পেশাগত সাফল্যকে তার লিঙ্গ বা পারিবারিক ভূমিকার সঙ্গে যুক্ত করা এবং পুরুষের নির্যাতনের অভিজ্ঞতাকে পৌরুষের সঙ্গে তুলনা করা জেন্ডার পক্ষপাতের উদাহরণ।
লিঙ্গভিত্তিক সহিংসতার সংবাদ প্রকাশে ভুক্তভোগীর মর্যাদা, গোপনীয়তা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। যৌন সহিংসতার ঘটনায় অভিযোগকারীর পোশাক, চরিত্র বা ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশ ভুক্তভোগীকে দোষারোপের প্রবণতা তৈরি করতে পারে।
প্রশিক্ষণে অভিযোগ ও প্রমাণিত তথ্যের পার্থক্য বজায় রাখা, তথ্য যাচাই এবং ভুক্তভোগী ও শিশুর পরিচয় প্রকাশের ঝুঁকি এড়ানোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির ন্যায্যতার অধিকার ও প্রাসঙ্গিক বক্তব্য উপস্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সংবাদে জেন্ডার পক্ষপাত শনাক্তে চারটি বিষয় বিবেচনার পরামর্শ দেন সানাইয়া ফাহীম আনসারী। এগুলো হলো, শিরোনামে অপ্রাসঙ্গিকভাবে পোশাক, চরিত্র বা লিঙ্গকে গুরুত্ব দেওয়া হচ্ছে কি না; নারী-পুরুষের ক্ষেত্রে ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে কি না; কার বক্তব্য নেওয়া হচ্ছে এবং কার অভিজ্ঞতা বাদ পড়ছে; অভিযোগ, যাচাইকৃত তথ্য ও অনুমান আলাদা করা হয়েছে কি না।
এলআরএফের সভাপতি মুহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী কর্মসূচি সঞ্চালনা করেন।