প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মিনিট আগে
ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে নিরাপদ ও শক্তিমান করতে সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে একথা বলেন।
এদিন বিকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি বিশেষ করে সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। স্থলভাগের নিরাপত্তার পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্র সীমার সার্বভৌমত্ব নিশ্চিত করাও একটি আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য বিষয়। রাষ্ট্রকে নিরাপদ এবং শক্তিমান করতে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সরকার দেশের সশস্ত্র বাহিনীকেও আরো আধুনিক এবং শক্তিশালী করতে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
তারেক রহমান বলেন, ‘‘তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায় যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যেই নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক প্রযুক্তি নির্ভর এবং সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। সময়ের সঙ্গে মিল রেখে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন এইসব পরিকল্পনার অংশ।’’
তিনি বলেন, ‘‘আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণের এই সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য একটি সক্ষম, সুশৃঙ্খল এবং পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলা। সশস্ত্র বাহিনীর শক্তিমাত্রার অনিবার্য অঙ্গ হচ্ছে চেইন অব কমান্ড। এর পাশাপাশি সশস্ত্র বাহিনীর শক্তি ও সফলতার জন্য সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার বিকল্প নেই।’’
এদিন বিকালে সেনাকুঞ্জে এসে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সশস্ত্র বাহিনী বিভাগের কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সস্ত্রীক এ সংবর্ধনায় অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি বিশ্বাস করি, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সবার আগে বাংলাদেশ–এই চেতনায় উজ্জীবিত থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত দেশ এবং জনগণের সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় লাখো মানুষ শহীদ হয়েছেন।
তিনি বলেন, ‘‘আমি মনে করি এই লাখো শহীদের প্রতি সম্মান জানাতে আমাদের দুটি প্রধান কর্তব্য রয়েছে। প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে, যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়টি হচ্ছে শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ স্বনির্ভর গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা।’’
বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রী সহধর্মিণী জুবাইদা রহমানকে নিয়ে হেঁটে হেঁটে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।
সংবর্ধনায় বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরা ছিলেন।
সরকারপ্রধান বলেন, ‘‘সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নের পাশাপাশি তাদের এবং তাদের পরিবারের সদস্যদের জীবনমানের আরো উন্নয়নের ব্যাপারেও সরকার আন্তরিক। এরই অংশ হিসেবে ইতিমধ্যেই যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন’ করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে ওয়ান র্যাংক ওয়ান পেনশন পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর বর্তমান এবং সাবেক কর্মকর্তা ও সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ।’’

সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘‘পাহাড়ে দুর্গম জনপথ থেকে দেশের দুর্যোগ কবলিত এলাকা–যেখানেই প্রয়োজন হয়েছে সশস্ত্র বাহিনী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় কিংবা যেকোন প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকে সশস্ত্র বাহিনীর সদস্যরা যেভাবে জনগণের পাশে থেকে ভূমিকা রাখছেন। একইভাবে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তিরক্ষী মিশনেও বাংলাদেশের পুরুষ এবং নারী সদস্যগণ সুনাম অর্জন করেছেন। জনগণ দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকায় গর্বিত।’’
তিনি বলেন, ‘‘পার্বত্য চট্টগ্রামেও শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে সশস্ত্র বাহিনীর অনেক সদস্য শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েও অনেকে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আমি এই সশস্ত্র বাহিনী দিবসে আল্লাহর দরবারে দেশে-বিদেশে শাহাদাত বরণকারী এইসব বীর সেনানীর মাগফেরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত সদস্যদের প্রতিও জানাই আন্তরিক সহমর্মিতা।’’
সশস্ত্র বাহিনীর সব সদস্যকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, ‘‘সমাজের সকল শ্রেণি-পেশার গুণী মানুষদের উপস্থিতিতে আজকের এই আনন্দঘন এবং একটি অত্যন্ত উল্লেখযোগ্য দিন। এই অনুষ্ঠানে সংগত কারণেই আমি ব্যক্তিগতভাবে কিছুটা স্মৃতিকাতর। কারণ আপনাদের হয়ত অনেকেরই জানা আছে আমার মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তার জীবনের প্রায় সবগুলো বছর কাটিয়েছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনো প্রধানমন্ত্রী হিসেবে, কখনো জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী হিসেবে জীবনে অনেকবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে সগৌরবে অংশগ্রহণ করেছিলেন। ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণই ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠানটি। আজকের এই অনুষ্ঠানে এসে বার বার আমার সেই কথাটিই মনে পড়ছে। আমি আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফেরাত কামনা করছি। একজন সন্তান হিসাবে আমি আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাইছি।’’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশের জাতীয় ইতিহাস এবং আমাদের জাতীয় জীবনে কয়েকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিবসগুলোর মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম। সেনা, নৌ ও বিমান বাহিনী অর্থাৎ তিন বাহিনী ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত হয়। প্রতিরোধ এবং পাল্টা আক্রমণ গড়ে তোলে। এরপর থেকেই ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।”

তিনি বলেন, ‘‘বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্ম ইতিহাস একই সূত্রে গাঁথা। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। এটি নিঃসন্দেহে সেনাবাহিনীর জন্য এক অনন্য গৌরবের ইতিহাস এবং একই সাথে প্রেরণার উৎস।’’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘একাত্তরের ২৫ মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের উপর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান উই রিভোল্ট উচ্চারণে গর্জে উঠেছিলেন। রিভোল্ট উচ্চারণ করেই ক্ষান্ত থাকেননি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ফিরে তিনি সেনাবাহিনীর সকল বাংলাভাষী কর্মকর্তা এবং সৈনিকদের জড়ো করেন। সেই রাতেই সেনাবাহিনীকে সশস্ত্র সংগ্রামের নির্দেশ দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়েও পড়েছিলেন।’’
সরকারপ্রধান বলেন, “এ সম্পর্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের লেখা একাধিক নিবন্ধে বিস্তারিত বিবরণ রয়েছে। ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ এই দুটি নিবন্ধে শহীদ জিয়াউর রহমান নিজেই লিখেছেন, সময় ছিল অতি মূল্যবান, আমি ব্যাটালিয়নের অফিসার, জেসিও আর জোয়ানদেরকে ডাকলাম। তাদের উদ্দেশ্যে ভাষণ দিলাম। আমি সংক্ষেপে বললাম এবং তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে। আমি তাদের একটি সামরিক পরিকল্পনাও দিলাম তখন রাত দুটো বেজে ১৫ মিনিট, ২৬ মার্চ ১৯৭১। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখতে ভালোবাসবে। এই দিনকে তারা কোনোদিন ভুলবে না। শহীদ জিয়ার লেখা এসব তথ্য ১৯৭২ সালে দৈনিক বাংলা, ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রা এবং ১৯৮০ সালে দৈনিক দেশ পত্রিকার বিশেষ ক্রোড়পত্রে প্রচারিত হয়েছিল।’’
একাত্তরের জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘পরদিন ২৭ মার্চ সশস্ত্র বাহিনীকে বাংলাদেশে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পুনরায় স্বাধীনতাকামী জনগণের উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। রেডিওর মাধ্যমে দেওয়া ঘোষণাটি দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছিল। ফলে ঐতিহাসিক কারণেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অনন্য এবং অসাধারণ।’’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘একটি দেশের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান-গৌরব-সাহস, বীরত্ব ও শৌর্যের প্রতীক। এ কারণে স্বাধীনতাত্তোর বাংলাদেশে বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করার সুগভীর ষড়যন্ত্র দৃশ্যমান। বাংলাদেশের সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চলমান ছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। তবে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি।

তিনি বলেন, ‘‘১৯৭৫ সালের ৭ নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল। সেনা হত্যাযজ্ঞ পরবর্তী বাংলাদেশকে কী ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হয়েছিল… এটি দেশবাসীর জানা। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্রজনতা এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন। দেশপ্রেমিক জনগণ লক্ষ্য করেছে একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের ৭ নভেম্বরের সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং চব্বিশের ৫ অগাস্টের ফ্যাসিবাদী গণবিরোধী গণঅভ্যুত্থান–প্রতিটি ক্ষেত্রেই সশস্ত্র বাহিনী দেশ এবং জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।’’
বক্তব্যের শেষে বিদেশি কূটনীতিকদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের সঙ্গে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপনে অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমাদের মহান মুক্তিযুদ্ধে বন্ধু রাষ্ট্রের জনগণের অসামান্য অবদানের জন্যও আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য ওই বন্ধুরাষ্ট্র যে উন্নত প্রশিক্ষণ সহায়তা ও সহযোগিতা প্রদান করে আসছে, তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আশা করি, ভবিষ্যতেও এ ধরনের ফলপ্রসূ সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।’’
তিনি আরও বলেন, ‘‘আমি আরও উল্লেখ করতে চাই, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি প্রতিষ্ঠার মহৎ লক্ষ্যে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার এই প্রচেষ্টা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য একটি অনন্য সুযোগ এবং মূল্যবান অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্র। জাতিসংঘের বৈশ্বিক শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের সশস্ত্র বাহিনীর পূর্ণ অঙ্গীকার ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।’’