× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈশাখী টেলিভিশনে ‘হামলা’, পুলিশ হেফাজতে ডিএমডি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মিনিট আগে

বৈশাখী টেলিভিশনে ‘হামলা’, পুলিশ হেফাজতে ডিএমডি

লাইভে এসে নিজেদের প্রতিষ্ঠানে ‘মব’ করে হামলা চালানোর অভিযোগ তুলেছে বেসরকারি গণমাধ্যম- বৈশাখী টেলিভিশন।

শনিবার বিকাল ৪টার দিকে ‘বৈশাখী টিভি নিউজ’ ফেইজবুক পেজ থেকে লাইভে এসে এ অভিযোগ তোলা হয়।

তবে যিনি লাইভ করেছেন তিনি নিজের পরিচয় প্রকাশ করেননি।

পুলিশ বলছে, ওই টেলিভিশন স্টেশনে একজন জুলাই অভ্যুত্থানের সময়কার হত্যা মামলার আসামি রয়েছেন। সেখান থেকে একজনকে বনানী থানায় নেওয়ার তথ্যও দিয়েছে পুলিশ।

বনানী থানার ওসি সালাহ উদ্দীন বলেন, “বৈশাখি টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলনকে হেফাজতে নেওয়া হয়েছে।”

প্রায় সোয়া ৪ মিনিটের লাইভে বলতে শোনা যায়, “এই যে আপনারা লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন, ওই যে সাদা শার্ট পরা মোবাইল... মোবাইল টিপছে, এই মানুষটা কিছুক্ষণ আগে বৈশাখী টেলিভিশনে ব্যাপক ভাঙচুর করেছে।”

ভিডিওতে শাদা শার্ট পরা এক ব্যক্তিকে দেখা যাচ্ছিল, তিনি ফোনও টিপছিলেন। কিন্তু ওই ব্যক্তির পরিচয়, কিংবা তিনি সেখানে কী করছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

জুলাই অভ্যুত্থানের সময়কার হত্যা মামলার এক আসামি থাকার যে কথা পুলিশ বলছে, ফেসবুক লাইভে সে বিষয়ে কিছু বলা হয়নি। বরং সেখানে এক সহকর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তোলা হয়েছে।

লাইভে বলতে শোনা যায়, “আমাদের যে উপব্যবস্থাপনা পরিচালক, টিপু আলম মিলন, আমরা তখন শুনলাম যে, স্যারকে কিছু দুর্বৃত্ত তুলে নিয়ে গিয়েছে। তো আমরা তৎক্ষণাৎ বৈশাখীতে যারা আমরা কর্মী আছি, আমরা গিয়ে স্যারকে উদ্ধার করে উপরে নিয়ে আসি। কিন্তু নিচে এখনও তারা আছে এবং গেটের বাইরে তারা গেট ভাঙার চেষ্টা করছে।”

ভবনের ছাদ থেকে লাইভ করার তথ্য দিয়ে এতে বলতে শোনা যায়, “দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ব্যাপক মবের শিকার হয়েছি আমরা।”

“এমনকি আমাদের কিছু কর্মী অলরেডি আহত হয়েছে। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি দর্শক। আমরা কোনোভাবে নিচে নামতে পারছি না।”

টেলিভিশন স্টেশনটির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন গণমাধ্যমকে বলেন, “আমি সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে আছি। একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিস্তারিত তেমন কিছুই জানি না।”

এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান গণমাধ্যমকে বলেন, “ওখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলার আসামি আছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গিয়েছে।”

সেখানে মব হওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “মব করলেও আমরা বলছি যে, এখানে মবের কোনও সুযোগ নাই। মামলার আসামি সে গ্রেপ্তার হবে, আপনারা চলে যান। ওরা চলে যাচ্ছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা