রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ ও উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি
প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ বিষয়ে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।
রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ ও উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শনিবার দুপুরে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে। যে সংবিধান সংশোধন হচ্ছে, সেখানে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধনের দরকার হলে বর্তমান সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে, ইনশাআল্লাহ।’
সাবেক ক্ষমতাসীন দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দু-একটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। তারা শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের আত্মত্যাগকে বিসর্জন দিয়ে আবারও নতুন করে কিছু করার চেষ্টা করছে। তবে এসব কর্মকাণ্ড করে কোনো লাভ হবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, তা দেশের জনগণের কাছে প্রমাণিত হয়েছে। অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা ও গুমের মাধ্যমে দলটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একটি নির্দিষ্ট জেলায় আবারও একই ধরনের ঘটনা ঘটিয়ে তারা আন্তর্জাতিকভাবেও সন্ত্রাসী দল হিসেবে নিজেদের পরিচিত করেছে। বিগত অন্তর্বর্তী সরকার দলটিকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সঠিক ও যৌক্তিক ছিল বলে আবারও প্রমাণিত হয়েছে।
সারা দেশে অগ্নিসন্ত্রাসের অভিযোগ নাকচ করে প্রতিমন্ত্রী দাবি করেন, দেশের একটি নির্দিষ্ট জেলায় অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটছে। সারা দেশে অগ্নিসন্ত্রাসের নামে যেসব ভিডিও ছড়ানো হচ্ছে, সেগুলো সঠিক নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে এসব ভিডিও তৈরি করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, সরকার মানবিক ও ধৈর্যশীল হলেও ধৈর্যের বাঁধ ভেঙে গেলে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে।
বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না উল্লেখ করে মীর শাহে আলম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের স্বার্থ ও দেশের স্বাধীনতার পক্ষে কাজ করে যাবে।