রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শনিবার সকালে তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
দিনের শুরুতে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানও পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে তিন বাহিনীর পক্ষ থেকেও শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে। পাশাপাশি বিকাল ৪টায় সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯৭১ সালের ২১ নভেম্বর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করে বাহিনীগুলো। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।