× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহিংসতা উস্কাচ্ছে সামাজিক মাধ্যম

জাহাঙ্গীর সুর

প্রকাশ : ১৭ মিনিট আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বড়ই অসামাজিক হয়ে উঠছে সামাজিক মাধ্যম। দেশে এই মুহূর্তে দুই ধরনের সহিংসতা দৃশ্যমানÑ রাজনৈতিক অঙ্গনে এবং তৈরি পোশাক শিল্পে। মাঠের এই অস্থিরতাকে আরও উস্কে দিচ্ছে সামাজিক মাধ্যম। দেশ ও বিদেশ থেকে বাংলাদেশিদের একটি অংশ নানাভাবে অতিরঞ্জিত তথ্য, অপতথ্য ও কুতথ্য ছড়াচ্ছে। যাচাই-বাছাইহীন এসব প্রচারণা মুহূর্তেই ছড়িয়ে পড়ছে লাখো মানুষের মোবাইল ফোনে, যা অনেক ক্ষেত্রে সরাসরি রূপ নিচ্ছে মাঠের সহিংসতায়।

সামাজিক মাধ্যম ব্যবহার করে গুজব ও অপতথ্য ছড়ানোর প্রবণতা আগেও ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে অপপ্রচারকারীদের সবচেয়ে বড় পুঁজি হয়ে উঠেছে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অনিশ্চয়তা ও অবিশ্বাসের পরিবেশে নানা পক্ষ নিজেদের স্বার্থ হাসিলে ব্যবহার করছে অনলাইন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যেমন কঠিন হচ্ছে, তেমনি ঝুঁকির মুখে পড়ছে সামাজিক সম্প্রীতি ও অর্থনীতিও।

বিনিয়োগ ও রপ্তানি খাতে শঙ্কা

রাজনৈতিক সংঘাত ও পোশাক কারখানাকেন্দ্রিক সহিংসতার সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়ানো অতিরঞ্জিত ও বিকৃত তথ্য বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিনিয়োগে বিমুখ হয়ে পড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা। একইভাবে পোশাক শিল্পের আন্তর্জাতিক ক্রেতা বা বায়ারদের মধ্যেও কাজ করছে গভীর ভীতি ও শঙ্কা। কোনো কারখানায় অসন্তোষ বা রাজনৈতিক সংঘর্ষ ঘটলেই খণ্ডিত ভিডিও এবং পুরনো ছবিও ছড়ানো হচ্ছে। বিদেশে থাকা বাংলাদেশিদের একটি অংশের দায়িত্বহীন প্রচারণা এই শঙ্কাকে আরও বাড়াচ্ছে।

অথচ বিনিয়োগ টানতে সরকারের পক্ষ থেকে জোরালো উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিদেশ সফরগুলোতে বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব দেশ হিসেবে বাস্তবিক অর্থেই তুলে ধরতে চেষ্টা করেছেন। এই সরকারের আমলে যেসব বিদেশি নেতা ও কর্মকর্তা বাংলাদেশে এসেছেন, এখানকার পরিবেশ দেখে তাদের অনেকেই বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়েও বিনিয়োগ নিয়ে সম্মেলন আয়োজন করা হয়েছিল। কিন্তু টানা কয়েক সপ্তাহের সহিংসতা ও অনলাইন অপপ্রচারে সেই সম্ভাবনা বড় ধরনের হোঁচট খেতে বসেছে।

পাল্টাপাল্টি অভিযোগ, বট বাহিনী ও ট্যাগিং

বর্তমান পরিস্থিতিতে সহিংসতা করছে কমবেশি সব পক্ষই। তবে অনলাইনে উস্কানি ছড়ানোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। সরকার ও বিরোধী দল উভয় পক্ষই অভিযোগ করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা দেশের বাইরে থেকে সামাজিক মাধ্যমে নানা ধরনের উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন। এর মাধ্যমে তারা দলটির সাধারণ সমর্থকদের পুলিশ ও জনগণের জানমালের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। বিপদে ফেলছেন সমর্থকদেরও।

আছে উল্টো অভিযোগও। সংশ্লিষ্ট বিভিন্ন মহলের ভাষ্য, একাধিক পক্ষ পরিকল্পিতভাবে কৃত্রিম ‘বট বাহিনী’ ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ঘৃণা ছড়াচ্ছে। এর পাশাপাশি ব্যক্তিগত বিরোধ মেটাতেও সামাজিক মাধ্যমকে অস্ত্র করা হচ্ছে। পূর্বশত্রুতার জেরে এবং প্রতিশোধ নিতে অনেকেই প্রতিপক্ষকে ‘আওয়ামী লীগের সমর্থক’ বা ‘মদদপুষ্ট’ বলে ট্যাগিং করছেন। ফলে অনেক ক্ষেত্রেই নিরপরাধ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানও শিকার হচ্ছেন হয়রানি ও মব সহিংসতার।

শেখ হাসিনার ফেরা নিয়ে কুতথ্য

রাজনৈতিক অস্থিরতার এই সময়ে সামাজিক মাধ্যমে আরেকটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা। ভারত থেকে তার বাংলাদেশে ফিরে আসার যে কথা আলোচনা হচ্ছেÑ এ বিষয়ে ফেসবুক, ইউটিউব ও টিকটকে নানা ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও কুতথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। পুরনো ভিডিও, ভুয়া অডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা ছড়ানো হচ্ছে।

বিশেষজ্ঞ পর্যবেক্ষণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক উত্তেজনা তৈরির পেছনে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের ভূমিকা থাকতে পারে। এসব গোষ্ঠী অনলাইন ও অফলাইন উভয় মাধ্যম ব্যবহার করে নিজেদের রাজনৈতিক বা অন্যান্য স্বার্থ হাসিলের চেষ্টা করে। সামাজিক মাধ্যমে বট অ্যাকাউন্ট, ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও লেখার ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।’

উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারের সীমাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এখনও প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সক্ষমতা পুরোপুরি সুসংহত করার পর্যায়ে রয়েছে। এর পাশাপাশি পূর্ববর্তী সময়ের রাজনৈতিক হস্তক্ষেপ ও নানা ঘটনার কারণে পুলিশের মনোবল, পেশাদারত্ব এবং জনআস্থা পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে সময়ের পাশাপাশি সুস্পষ্ট নীতিগত দিকনির্দেশনা, রাজনৈতিক সদিচ্ছা এবং আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি জরুরি।’

রাজনৈতিক অন্তর্ভুক্তি ও প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বৃহত্তর জনগোষ্ঠীর রাজনৈতিক আকাঙ্ক্ষা ও মতামতকে বিবেচনায় নেওয়া প্রয়োজন। উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে এমন কোনো রাজনৈতিক শক্তিকে দীর্ঘমেয়াদে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখলে প্রতিনিধিত্ব ও অংশগ্রহণের সংকট তৈরি হতে পারে। তবে রাজনৈতিক অংশগ্রহণের প্রশ্নে জবাবদিহি, আইনের শাসন এবং জুলাই-পরবর্তী জনগণের ন্যায়বিচারের প্রত্যাশাকেও সমান গুরুত্ব দিতে হবে। একইভাবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আবেগনির্ভর প্রতিক্রিয়া বা পারস্পরিক বিদ্বেষের পরিবর্তে জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা এবং কৌশলগত ভারসাম্যের ভিত্তিতে সম্পর্ক পরিচালনা করা বাংলাদেশের জন্য অধিকতর কার্যকর।’

পরিস্থিতি থেকে উত্তরণের উপায় সম্পর্কে এই রাষ্ট্রচিন্তক বলেন, ‘সামাজিক মাধ্যম, এআই এবং ভুয়া তথ্যের বিস্তার এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। এ সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও এর ক্ষতিকর প্রভাব কমাতে সরকারকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এজন্য বট অ্যাকাউন্ট ও সমন্বিত অপতথ্য প্রচারণা শনাক্তে বিশেষায়িত মনিটরিং সেল গঠন, স্বাধীন তথ্য যাচাইব্যবস্থা শক্তিশালী করা এবং নাগরিকদের মধ্যে মিডিয়া ও ডিজিটাল লিটারেসি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি বিদ্যমান সাইবার অপরাধ সংক্রান্ত আইনগুলো স্বচ্ছতা, যথাযথ আইনি প্রক্রিয়া এবং মানবাধিকারের মানদণ্ড অনুসরণ করে প্রয়োগ করতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে যেন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন না হয় কিংবা অতীতের মতো রাজনৈতিক উদ্দেশ্যে আইনের অপব্যবহার না ঘটে, সেটিও নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক দল, গণমাধ্যম, নাগরিক সমাজ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।’

অনলাইনে ঘৃণার প্রকৃতি ও প্রভাব বিষয়ক ভারতের দিল্লি ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক সিয়াম সারোয়ার জামিল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সামাজিক মাধ্যমের অপব্যবহার রোধে শুধু নিয়ন্ত্রণের পথে হাঁটলে দীর্ঘমেয়াদি সমাধান আসবে না। সবার আগে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং সব দলের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা। কোনো এলাকায় রাজনৈতিক সংঘাত বা পোশাক কারখানায় অসন্তোষ দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল তথ্য প্রকাশ করতে হবে, যাতে গুজব ছড়ানোর সুযোগ না থাকে।

সামাজিক মাধ্যম কীভাবে রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেয়, তার একাধিক নজির বিশ্বজুড়ে রয়েছে। ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় ফেসবুকের বিদ্বেষমূলক প্রচারণা বড় ভূমিকা রেখেছিল বলে জাতিসংঘের তদন্ত মিশনের প্রতিবেদনে উঠে আসে। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার পেছনেও নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিত্তিহীন দাবি ও উস্কানি ভূমিকা রাখে। এ নিয়ে আন্তর্জাতিক গবেষণাও হয়েছে। ২০১৮ সালে সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এমআইটির গবেষকদের এক গবেষণায় দেখা যায়, সামাজিক মাধ্যমে সত্য খবরের চেয়ে রাজনৈতিক মিথ্যা তথ্য অনেক দ্রুত ও ব্যাপকভাবে ছড়ায়। এ ছাড়া ২০২১ সালে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষক কার্স্টেন মুলার ও কার্লো শোয়ার্জের গবেষণায় জার্মানিতে ফেসবুকের বিদ্বেষমূলক পোস্টের সঙ্গে শরণার্থীদের ওপর বাস্তব হামলার সরাসরি যোগসূত্র প্রমাণিত হয়। বাংলাদেশেও নানা ক্ষেত্রে সামাজিক মাধ্যমে ছড়ানো মিথ্যা, গুজব, অপতথ্য ও কুতথ্য এবং ঘৃণার প্রভাব পরিলক্ষিত হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা