× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২২ মিনিট আগে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন। ছবি: বঙ্গভবন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন। ছবি: বঙ্গভবন

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনা শেষ করে যথাযথ কর্মসংস্থানের সুযোগ পান, সে লক্ষ্যেই শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে হবে। এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যা শিক্ষার্থীদের দক্ষ করে তুলবে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করবে। 

আজ শুক্রবার সকালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিক্ষাব্যবস্থাকে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও নতুন জ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে। তাই এসব প্রযুক্তিকে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে চিন্তাশীল, সৃজনশীল, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

ঢাকা কলেজের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, এ প্রতিষ্ঠান উপমহাদেশের শিক্ষা, রাজনীতি ও প্রশাসনে অসংখ্য মেধাবী ও নেতৃত্বস্থানীয় মানুষ তৈরি করেছে। ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত নিজের ঢাকা কলেজে অধ্যয়নের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, সে সময় ছাত্ররাজনীতি ও সংগঠন নিষিদ্ধ থাকলেও শিক্ষার্থীরা গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং সংগঠিত হওয়ার চেষ্টা করেছেন। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষা-সুবিধার ঘাটতি দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সরকারে যারাই থাকুন, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানকে দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামীতেও তারা দেশ ও জাতির নেতৃত্ব দেবেন। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষিত, নৈতিক ও সৃজনশীল প্রজন্ম তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। এক্ষেত্রে শিক্ষকদের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিবেক, মূল্যবোধ, মুক্তবুদ্ধি ও গবেষণার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন ও কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। 

ঢাকা কলেজ ও ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 

অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরাফত আলী সপু। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান। অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা