বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ১৫ মিনিট আগে
আপডেট : ১৩ মিনিট আগে
ছবি: সংগৃহীত
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের মাধ্যমে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান বারাকা গ্রুপ ও আন্তর্জাতিক সংস্থা প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। শতভাগ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কাজ পেয়ে যৌথ উদ্যোগে গঠিত ‘বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড’ নামের প্রতিষ্ঠানটি এই মেগা প্রকল্প বাস্তবায়ন করবে। এতে প্রায় সাড়ে চার কোটি (৪৫ মিলিয়ন) মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আসছে।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যৌথ উদ্যোগের নতুন এই কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রকল্পটির বিষয়ে সরকারের সঙ্গে ২০ বছরের চুক্তি হয়েছে এবং আগামী দুই বছরের মধ্যে এটি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ জাতীয় নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে বড় অবদান রাখবে। প্রায় ৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগের এই প্রকল্প আন্তর্জাতিক অংশীদারত্ব এবং বেসরকারি খাতের কার্যকর অংশগ্রহণের সম্ভাবনাকে তুলে ধরেছে। এটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এবং জ্বালানি বহুমুখীকরণে ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
উদ্বোধনী অনুষ্ঠানে বারাকাগ্রুপ ও বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী প্রকল্পটি বাস্তবায়নে দেশীয় প্রতিষ্ঠান বারাকা গ্রুপের ওপর আস্থা রাখার জন্য পিআইডিজি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আগামী দিনগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পিআইডিজি তাদের বিনিয়োগের ধারা আরও প্রসারিত করবে বলে আমরা বিশ্বাস করি।” সরকারের ২০৩০ সালের ভিশনের সঙ্গে তাল মিলিয়ে এ ধরনের আরও পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে জোরালো অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সার্বিক পরিচিতি, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী। সমাপনী বক্তব্য দেন পরিচালক নাঈম আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে পিআইডিজির প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান বিনিয়োগ ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা জিলস ভাস, এশিয়া অঞ্চলের ব্যবসা উন্নয়ন প্রধান ডেনিস ফু এবং ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক জুয়ান জিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বারাকা গ্রুপ ২০০৯ সাল থেকে বিদ্যুৎ খাতে কার্যক্রম পরিচালনা করছে। অতীতে ৩১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠানটি বর্তমানে জাতীয় গ্রিডে ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। বিদ্যুৎ ছাড়া তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা, সিকিউরিটিজ ও শিক্ষা খাতেও প্রতিষ্ঠানটির ব্যবসা রয়েছে।
অন্যদিকে, পিআইডিজির অধীন পরিচালিত ‘ইনফ্রাকো এশিয়া’ ২০০৯ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগকারী সংস্থা। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন ও কানাডা—এই ছয়টি দাতা দেশের সহায়তায় উন্নয়নশীল দেশগুলোর টেকসই অবকাঠামো নির্মাণে কাজ করে সংস্থাটি।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারের কার্বন নিঃসরণ হ্রাস ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের ধারাবাহিকতায় ৪৫ মিলিয়ন ডলারের এই প্রকল্প একটি বড় মাইলফলক। বারাকা গ্রুপের দীর্ঘ অভিজ্ঞতা ও পিআইডিজির আন্তর্জাতিক দক্ষতার এই যৌথ উদ্যোগ দেশের পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরকে ত্বরান্বিত করবে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়াবে।