মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ন্যায়বিচারের নতুন অধ্যায় ও ঐতিহাসিক ঘটনা হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রায় ঘোষণার পরদিন শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা এবং নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন তিনি। সকাল পৌনে ৯টার দিকে ক্যাম্পে পৌঁছালে রোহিঙ্গারা তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে খলিলুর রহমান বলেন, “গতকাল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের বিষয়ে রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।”
তিনি আরও বলেন, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়। আদালত মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করেছে। আন্তর্জাতিক বিচার আদালতের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ ঘটনা।
এর আগে ১৯ নভেম্বর গাম্বিয়ার করা মামলায় এ রায় ঘোষণা করেন আইসিজে। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে গাম্বিয়া। রায়ের পর্যবেক্ষণে মিয়ানমারে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার তথ্য উঠে এসেছে। পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌন সহিংসতা ও গণউচ্ছেদের প্রমাণও পাওয়া গেছে।
আইসিজের রায়কে নিজেদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন রোহিঙ্গারা। তবে তাদের কাছে এই রায়ের সবচেয়ে বড় প্রত্যাশা দীর্ঘ আট বছরের শরণার্থীজীবনের অবসান ঘটিয়ে নিজ দেশে ফিরে যাওয়া।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, “বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ আমাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চাই না। আমাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া।”
প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, “ শুধু প্রত্যাবাসনের ঘোষণা দিলেই হবে না, মিয়ানমারে নিরাপদে বসবাসের নিশ্চয়তাও থাকতে হবে।”
খলিলুর রহমানের সফরকে স্বাগত জানিয়ে কিন মং আশা প্রকাশ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করছেন। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।