× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের জন্মদিন আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

আপডেট : ১৪ মিনিট আগে

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ৬১ বছর পূর্ণ করে ৬২ বছরে পদার্পণ করছেন।

জন্মদিন উপলক্ষে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা জানিয়েছে। এ উপলক্ষে ব্যক্তিগত আয়োজনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, ধর্মীয় প্রার্থনা ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।


বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবা কর্মসূচি

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ শুক্রবার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালনের কথা রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা তৈরিই এ উদ্যোগের লক্ষ্য। এ ছাড়া রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদ্রাসায় কুরআনে খতম, দোয়া মাহফিল ও স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

ছাত্রজীবন থেকে রাজনীতিতে


শাহীন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাজীবন শুরু করেন তারেক রহমান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। ছাত্রজীবন থেকেই রাষ্ট্র, রাজনীতি, গণতন্ত্র ও দেশের আর্থ-সামাজিক বিষয়ে তার আগ্রহ তৈরি হয়। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির যাত্রা শুরু। তার মৃত্যুর পর দলের নেতৃত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া, যিনি পরবর্তী সময়ে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এই রাজনৈতিক পরিবেশেই বেড়ে ওঠেন তারেক রহমান।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ২০০১ সালের নির্বাচনের আগে দলের সাংগঠনিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 

কারাবরণ, দীর্ঘ প্রবাসজীবন ও দেশে প্রত্যাবর্তন


২০০৭ সালের ৭ মার্চ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করলেও বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন। 

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর রাজনৈতিক কর্মকাণ্ডেও আরও সক্রিয় হন তিনি।

প্রধানমন্ত্রীর দায়িত্বে নতুন অধ্যায়


২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। একই পরিবারের বাবা, মা ও ছেলের রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্ব পালনের বিরল দৃষ্টান্তও তৈরি হয়।

জনগণের প্রত্যাশা জীবনমানের উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ জনগণের প্রত্যাশা পূরণ। রাষ্ট্র সংস্কার, কৃষি ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহি প্রতিষ্ঠা নিয়ে প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান, দেশি-বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় দেশবাসী। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা