সরকারি উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণকাজ, অনিয়ম ও অর্থ অপচয়ের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সরকারি উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণকাজ, অনিয়ম ও অর্থ অপচয়ের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না। তবে মিথ্যা অভিযোগ বা ব্যক্তিগত স্বার্থে কোনো কর্মকর্তাকে হয়রানি করা হবে না। অভিযোগের সত্যতা যাচাই করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও নির্মাণকাজের মান নিশ্চিত করতে ৩০ সদস্যের একটি বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্যানেলের সদস্যদের মধ্য থেকে চার-পাঁচজনের একেকটি দল গঠন করে দেশের বিভিন্ন জেলা ও উন্নয়ন প্রকল্পে আকস্মিক পরিদর্শনে পাঠানো হবে। কোনো স্থায়ী পরিদর্শক দল থাকবে না। বিভিন্ন সময়ে বিভিন্ন দল মাঠপর্যায়ে গিয়ে প্রকল্পের কাজের মান, অগ্রগতি ও ব্যয়ের হিসাব যাচাই করবে। এতে প্রকল্প বাস্তবায়নের প্রকৃত চিত্র উঠে আসবে এবং অনিয়মের সুযোগ কমবে বলে আশা করছে সরকার।
গতকাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
গণপূর্ত অধিদপ্তরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে জাকারিয়া তাহের বলেন, অধিদপ্তরের জোনাল অফিসগুলোর কার্যক্রম পুনর্বিন্যাসের বিষয়টি সরকার বিবেচনা করছে। বিশেষ করে কুমিল্লা জোনের অধীনে অনেক জেলা ও উপজেলা থাকায় কর্মকর্তা-কর্মচারীদের ওপর কাজের চাপ বাড়ছে। এ পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা ও বগুড়ায় নতুন জোন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন জোন গঠন করা হলে মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়ন, তদারকি ও প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে।
মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের কাজ শুধু কাগজে-কলমে অগ্রগতি দেখানোর জন্য নয়; জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে। নির্মাণকাজে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার কিংবা ব্যয়ের ক্ষেত্রে অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায়সংগতভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও অর্থনীতি পুনর্গঠনের উদ্যোগের কথা উল্লেখ করে গণপূর্তমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন। আগামী ১০ বছর দেশকে এগিয়ে নেওয়ার এই সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের চেহারা বদলে দেওয়া সম্ভব। এ লক্ষ্য অর্জনে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সরকারি অর্থ জনগণের অর্থ। প্রতিটি উন্নয়ন প্রকল্পের সঙ্গে দেশের মানুষের শ্রম, ঘাম ও কষ্টার্জিত অর্থ জড়িত। তাই সরকারি অর্থের অপচয়, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কোনো সুযোগ নেই। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। একই সঙ্গে নির্মাণকাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা জরুরি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা কাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় স্বাগত বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব পর্যায়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।