প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মিনিট আগে
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে
মালয়েশিয়ায় কর্মী প্রেরণের লক্ষ্যে বাংলাদেশে পরিচালিত মেডিক্যাল বা স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমকে অধিকতর স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতে এফডব্লিউসিএমএস-ভুক্ত মেডিক্যাল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব নির্দেশনার কথা জানান।
মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, চাহিদাপত্রে (ডিমান্ড লেটার) উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতেই মেডিক্যাল স্লিপ ইস্যু করতে হবে। চাহিদাপত্রের সংখ্যার চেয়ে সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিক্যাল স্লিপ ইস্যু করা যাবে। তবে কোনো অবস্থাতেই মেডিক্যাল সেন্টারগুলো নিজেদের ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে এই নির্ধারিত সীমার বাইরে স্লিপ ইস্যু করতে পারবে না।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মেডিক্যাল সেন্টারকে প্রতিদিন সম্পাদিত স্বাস্থ্য পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত, সংরক্ষণ এবং অনলাইনে পাঠাতে হবে। এ ছাড়া সম্পাদিত সব পরীক্ষার প্রতিবেদন প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করে অনলাইনে মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।
স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, এই নির্ধারিত ফির বাইরে মালয়েশিয়া গমনেচ্ছুক প্রার্থীর কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। একই সঙ্গে ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায় করা যাবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, কোনো কর্মীকে ইচ্ছাকৃতভাবে ‘আনফিট’ (অযোগ্য) ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার পরীক্ষা করানো যাবে না। কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিক্যাল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে সেন্টারগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত সেখানকার পরীক্ষায় আনফিট ঘোষিত হলে, দেশে ফেরত পাঠানোসহ ওই কর্মীর যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারকেই বহন করতে হবে।
এ ছাড়া প্রতিটি সেন্টারে প্রয়োজনীয় সব আধুনিক যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা থাকতে হবে। পরীক্ষাগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম মেনে সম্পন্ন করতে হবে এবং সেন্টারে পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখতে হবে। প্রতিটি সেন্টারের প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করার বাধ্যবাধকতাও দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এসব নির্দেশনা ঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা কঠোরভাবে পর্যবেক্ষণের জন্য একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে। কোনো মেডিক্যাল সেন্টার এসব শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।