× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার কঠোর

মোশাররফ বাবলু ও আজিজুল ইসলাম

প্রকাশ : ১১ মিনিট আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেয়। আঙিনায় পড়ে আছে পুলিশের পোশাক ও আসবাবপত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেয়। আঙিনায় পড়ে আছে পুলিশের পোশাক ও আসবাবপত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশকে অস্থিতিশীল করে তুলতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক অপতৎপরতা রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকার কঠোর অবস্থান নিচ্ছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠ পর্যায়ে সক্রিয় রাখার পাশাপাশি রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকেই দলীয় সংসদ সদস্যদের এলাকায় গিয়ে অবস্থান করে সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, “শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর করলে হবে না, প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা পালন করতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় থাকতে হবে। রাজপথ কাউকে ছেড়ে দেওয়া হবে না”।

সরকারের নির্ভরযোগ্য সূত্র বলছে, আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, নাশকতা ও সরকারকে অস্থিতিশীল করার অপতৎপরতা মোকাবিলায় সরকার ও বিরোধী পক্ষের মধ্যেও ঐকমত্য তৈরি হয়েছে। এই ঐকমত্য অনুযায়ী, সরকারি দল বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরাও প্রয়োজন অনুযায়ী সক্রিয় হবেন এবং মাঠে নামবেন। বিরোধী দলের বিভিন্ন সূত্র জানাচ্ছে, আওয়ামী লীগকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। তাদের ওপর কোনো আঘাত জামায়াতে ইসলামী ও এনসিপি রাজনৈতিকভাবে তা প্রতিহত করবে।

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত গতকালের বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর আড়াইটায় শুরু হয়ে বেলা ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষ হয়। বৈঠকে কয়েকজন সংসদ সদস্য সাম্প্রতিক রাজনৈতিক ও নাশকতামূলক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে দিকনির্দেশনা চান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বৃহস্পতিবার থেকে সংসদের অধিবেশন না থাকায় প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় যেতে হবে। শুধু কেন্দ্রীয় নেতৃত্ব বা প্রশাসনের ওপর নির্ভর না করে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় দায়িত্ব নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী অতীতের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে বলেন, “দীর্ঘদিন তারা প্রশাসন ও আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছেন। তখন আওয়ামী লীগের সঙ্গে প্রশাসনসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ছিল। তারপরও তারা ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এখন আওয়ামী লীগের সঙ্গে কেউ নেই। তাই আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ার কিছু নেই। রাজনৈতিকভাবেই তাদের মোকাবিলা করতে হবে”।

রাজপথে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গতকাল বিএনপির সংসদীয় দলের বৈঠকে সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের ঘটনাবলি বিশেষ গুরুত্ব পায়। এ সময় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী তার বাড়িসহ এলাকায় সংঘটিত হামলা ও সহিংসতার চিত্র তুলে ধরেন। 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “ফ্যাসিবাদী গোষ্ঠী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। পুলিশ প্রশাসন তাদের মতো কাজ করবে। প্রশাসনের সঙ্গে নয়, আমরা আমাদের মতো মাঠে থাকব। ফ্যাসিবাদীদের সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে হবে সবাইকে”।

সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় এ বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন। মূল মঞ্চে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ অনেক আগেই বলেছে, বিএনপি সরকারকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। এরা এখন কঠিনভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। তাই জনগণের সঙ্গে সম্পৃক্ততা বজায় রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বৈঠকে আরও বক্তব্য দেন সংসদ সদস্য আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।

গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে নিরাপত্তা জোরদার

ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের ১১ পৃষ্ঠার একটি প্রতিবেদনে রাজধানীর ৪০০টি গুরুত্বপূর্ণ স্থাপনায় (কেপিআই) হামলার আশঙ্কাসহ টার্গেট কিলিং, পুলিশ চেকপোস্টে হামলা, সরকারি ও রাজনৈতিক ব্যক্তিদের বাসাবাড়িতে আক্রমণ, ককটেল নিক্ষেপ এবং যানবাহনে অগ্নিসংযোগের পরিকল্পনা উন্মোচনের আশঙ্কার উল্লেখ করা হয়েছে। এসব তৎপরতা বাস্তবায়নে ঢাকার বাইরে থেকে অতিরিক্ত লোকজন আনার তথ্যও রয়েছে প্রতিবেদনটিতে। গত পাঁচ দিনে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ১০ হাজার নতুন সিমের উপস্থিতি শনাক্তের তথ্য তুলে ধরে রাজধানীর কয়েকটি এলাকায় বাড়তি নজরদারির সুপারিশ করা হয়েছে। গোয়েন্দা সূত্রের আশঙ্কা, চলমান তৎপরতায় সফল হলে ডিসেম্বর থেকে আগামী মার্চের মধ্যে আরও বড় ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা হতে পারে।

এসব তথ্যের ভিত্তিতে রাজধানীর কেপিআই স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার প্রবেশপথ আব্দুল্লাহপুর, গাবতলী ও যাত্রাবাড়ীতে বাড়ানো হয়েছে নজরদারি। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। সন্দেহজনক যানবাহন ও মোটরসাইকেলে চলছে তল্লাশি। ডিএমপির একটি সূত্র জানায়, রাজধানীর প্রায় ৪০০টি কেপিআই এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শাহবাগ, মিন্টো রোড, মিরপুর-১০ ও সায়েদাবাদ এলাকায়ও তল্লাশি অভিযান চালানো হুয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে পুলিশ-র‌্যাব-বিজিবির সমন্বয়ে অভিযান পরিচালনা, কেপিআই এলাকায় পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ মোতায়েন এবং চেকপোস্টে জনবল বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের পাশাপাশি নাশকতার ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “গোয়েন্দা কার্যক্রম আমাদের নিয়মতান্ত্রিক কাজ। তবে এটাও ঠিক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে। তারা বিভিন্নভাবে এসব কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সময় পদ্ধতি পরিবর্তন করছে। পুলিশ এসব নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে”।

সহিংসতার ঘটনায় বাড়ছে উদ্বেগ

গোয়েন্দা তথ্যের পাশাপাশি সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোও সরকারের উদ্বেগ বাড়িয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ৬০ জন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ৭১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক একটি দলের কাছ থেকে দুই কেজির বেশি গানপাউডার উদ্ধারের কথা জানিয়েছে ডিএমপি। পুলিশের দাবি, মেহেরপুর ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে এসব গানপাউডার ঢাকায় আনা হয়েছিল। মিরপুরের এক বাড়িতে অল্প গানপাউডার জ্বালিয়ে কার্যকারিতা পরীক্ষার তথ্যও জানিয়েছে পুলিশ।

এদিকে গতকাল বুধবার দুপুরে কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়েও হামলা ও ভাঙচুর করা হয়। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তার বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ করা হলেও তা এখনও স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

তিন জেলায় ৩৪ প্লাটুন আনসার

রাজধানীর বাইরে গোপালগঞ্জ, গাজীপুর এবং নারায়ণগঞ্জেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ তিন জেলায় ২৬ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে পুলিশ, আনসার ও বিজিবির পাশাপাশি এসআরবির ৬ ও ১০ নম্বর ব্যাটালিয়নের সমন্বয়ে একটি কম্পোজিট ফোর্স দায়িত্ব পালন করছে। এ ছাড়াও শিল্পাঞ্চল ও গোপালগঞ্জে শুধু বিজিবিরই ৬৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী গতকাল রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে বলেন, “কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করে, কোনো সহিংসতা ঘটানোর চেষ্টা করে, আমরা সেগুলোকে রুখে দিতে বদ্ধপরিকর”।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুম মুনিরা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। প্রয়োজনে আরও ব্যবস্থা গ্রহণ করা হবে”।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “সরকারি সম্পত্তি ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা