দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ২০ নভেম্বর থেকে সব জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে সম্ভাব্য দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার উপসচিব কে এম ইয়াসির আরাফাত স্বাক্ষরিত ‘জরুরি ও গোপনীয়’ এক বিশেষ প্রতিবেদনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
প্রতিবেদনে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন। তার এ ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে পাল্টাপাল্টি সমাবেশ ও সহিংস পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শেখ হাসিনা তার ফেরার নির্দিষ্ট তারিখ জানাননি।
পরিকল্পনা তৈরির সুপারিশ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নজরদারির পাশাপাশি সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আগাম আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
পাশাপাশি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন কিংবা দলটির সমর্থিত প্রতিষ্ঠান ও এনজিওর সন্দেহজনক অনুষ্ঠান আয়োজনের ওপর নজরদারি এবং সংশ্লিষ্টদের পরিচয় যাচাইয়ের নির্দেশনা রয়েছে প্রতিবেদনে।
শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও নাশকতা ঠেকাতে মিরপুর, পল্লবী, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাশিমপুর, ভোগড়া বাইপাস, আশুলিয়া ও সাভারসহ ঝুঁকিপূর্ণ এলাকায় শিল্প পুলিশ ও থানা পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তৎপরতা ঠেকাতে নজরদারি জোরদারের সুপারিশ করা হয়েছে।
এদিকে, শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১৮ নভেম্বর ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানিয়েছে বিজিবি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জুলাই অভ্যুত্থানের পক্ষের দল ও জোটগুলোর মধ্যে ঐক্য জোরদারে পুনরায় গোলটেবিল আলোচনা আয়োজনের সুপারিশও করা হয়েছে।