বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী। ছবি: ভিডিও থেকে নেওয়া
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, পতিত ও পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই গণতন্ত্রকামী জনগণ তাদের প্রতিহত করবে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণই তাদের বিষদাঁত ভেঙে দেবে। একই সঙ্গে ফ্যাসিবাদী অপশক্তিকে রুখতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেছে। তাদের বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
প্রধানমন্ত্রী বলেন, এই সংসদে প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরে থাকা অন্য গণতান্ত্রিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, আসুন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় অতীতের পরাজিত তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে দাঁড়াই।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, গণতন্ত্র রক্ষা করব, স্বাধীন-সার্বভৌম সংসদ রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাঁবেদারের হাতে সঁপে দেব না।
দেশে-বিদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ
প্রধানমন্ত্রী বলেন, সুযোগ পেলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের পুরোনো চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। দেশে ও বিদেশে বিভিন্ন ঘটনায় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আবারও সামনে এসেছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার অপচেষ্টা এবং এনসিপির যুক্তরাষ্ট্র সফরের সময় তাদের সঙ্গে করা আচরণ দেশবাসী দেখেছে। ইতালিতে একজন নারী শিল্পীর ওপর বর্বরোচিত হামলার ঘটনাও মানুষ দেখেছে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পলাতক নেত্রী তার অনুসারীদের গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া এবং হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটি প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়। তাদের পরিচয় একটাই—তারা সন্ত্রাসী গোষ্ঠী।
তিনি বলেন, তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের প্রসঙ্গ
বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক সংসদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বারবার ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের ভেতরে বেড়ে ওঠা তাঁবেদারি অপশক্তিকে ব্যবহার করে এসব ষড়যন্ত্র করা হয়েছে।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থবিরোধী তাঁবেদারি অপশক্তিকে পরাজিত করেছিল। পরবর্তী সময়ে সেই অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে ফ্যাসিবাদী শাসন কায়েম করে।
প্রধানমন্ত্রী বলেন, ওই সময় পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যাযজ্ঞ এবং শাপলা চত্বরে নিরীহ মানুষকে রাতের অন্ধকারে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। পুরো শাসনামলে দেশে ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল। বিরোধী দল ও ভিন্নমতের মানুষকে গুম, খুন ও অপহরণ যেন নিয়মে পরিণত হয়েছিল।
তিনি বলেন, নির্বাচন কমিশনসহ দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর করে দেওয়া হয়েছিল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন এর সাক্ষী। ২০২৪ সালে ক্ষমতা টিকিয়ে রাখতে হাজারো মানুষকে হত্যা এবং হাজার হাজার মানুষকে শারীরিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, আবু সাঈদ, ওয়াসিম ও মুগ্ধদের মতো হাজারো সাহসী ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে সেই অপশক্তি ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। তাঁদের আত্মত্যাগের প্রতি সংসদে দাঁড়িয়ে বিনম্র শ্রদ্ধা জানান তিনি।
পাঁচ লাখ শ্রমিক বিদেশে পাঠানো হয়েছে
সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণ বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেতে শুরু করেছে। রাষ্ট্র ও সমাজে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে। গুম, খুন ও অপহরণের আতঙ্ক থেকেও মানুষ মুক্তি পেয়েছে।
তিনি বলেন, জনগণের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্পোর্টস কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী দেওয়ার কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক মাসে প্রায় পাঁচ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে সক্ষম হয়েছে সরকার। আগামী কয়েক মাসে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কয়েক লাখ মানুষ যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশে কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সরকারি বন্ধ কলকারখানার মধ্যে অনেকগুলো ইতোমধ্যে চালু করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে আরও প্রায় ৪৬ থেকে ৪৭টি বন্ধ কলকারখানা চালু করতে সক্ষম হবে সরকার।
জ্বালানি খাতে ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি
প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশ সরাসরি ওই যুদ্ধের কোনো পক্ষ না হলেও এর নেতিবাচক প্রভাব থেকে রেহাই পায়নি। বিশেষ করে জ্বালানি সংকট মোকাবিলা করতে হয়েছে।
তিনি বলেন, জনগণের ভোগান্তি কমানো এবং ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন স্বাভাবিক রাখতে তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে সরকার এ পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকারের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরে বর্তমান সরকার দায়িত্ব এড়াতে চায় না। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে।
বিদেশি বিনিয়োগে ইতিবাচক সাড়া
বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে, কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। বিরোধীদলীয় নেতা তাঁর বক্তব্যে এসব সমঝোতা স্মারক সংসদে উপস্থাপনের যে অনুরোধ জানিয়েছেন, আগামী অধিবেশনে তা উপস্থাপন করা হবে।
তিনি বলেন, বাংলাদেশকে এখন বিনিয়োগের জন্য লাভজনক স্থান হিসেবে বিবেচনা করছে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি থেকে ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় সম্প্রতি বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বাংলাদেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পে ডিএফসির অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে।
এ ছাড়া চীন, তুরস্ক ও জাপানসহ কয়েকটি দেশ বাংলাদেশে বড় বিনিয়োগের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চাল, ডাল ও তেলসহ প্রয়োজনীয় কয়েকটি পণ্যের ওপর আমদানি শুল্ক ও কর কমানো হয়েছে। বাজার মনিটরিংও অব্যাহত রয়েছে।
তিনি বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক চাল, চিনি, ছোলা, ভোজ্যতেল, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন ও আদাসহ ১০টি পণ্য সর্বোচ্চ ৯০ দিন বাকিতে আমদানির সুযোগ দিয়েছে। এতে আমদানিকারকরা পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন।
প্রধানমন্ত্রী বলেন, রমজানে খেজুরের চাহিদা বাড়ে। এ জন্য খেজুরের ওপর ২০ শতাংশ কর কমানো হয়েছে। একই সঙ্গে আপেল ও মাল্টার ওপর ৫০ শতাংশ শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারওয়ান বাজারের দামের তুলনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
নিত্যপণ্যের দাম প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংসদে কারওয়ান বাজারের খুচরা বাজার থেকে সংগ্রহ করা কয়েকটি পণ্যের দামের তুলনামূলক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আগের সময়ের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত দাম এবং গতকাল বিকেলে কারওয়ান বাজার থেকে সংগ্রহ করা দামের মধ্যে তুলনা করেছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলে আলুর কেজি ছিল ৭০ টাকা, বর্তমানে ২০ টাকা। পেঁয়াজের কেজি ছিল ১৫০ টাকা, বর্তমানে ৪০ থেকে ৪২ টাকা। মোটা চালের কেজি ছিল ৬৫ টাকা, বর্তমানে ৫৫ টাকা। মিনিকেট চালের কেজি ছিল ৮৫ টাকা, বর্তমানে ৭০ টাকা।
এ ছাড়া ডিমের ডজন ছিল ১৮০ টাকা, বর্তমানে ১২০ টাকা হয়েছে। মরিচের দামও আগের তুলনায় অনেক কমেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বিভিন্ন পণ্যের ওপর কর কমানো এবং ক্ষেত্রবিশেষে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সরকারের লক্ষ্য, সাধারণ মানুষ যেন কিছুটা স্বস্তিতে থাকতে পারেন।
পোশাকশিল্পে অস্থিরতা তৈরির অপচেষ্টার অভিযোগ
প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পে অস্থিরতা তৈরির অপচেষ্টা পরাজিত ফ্যাসিবাদী চক্রের ষড়যন্ত্রের অংশ। দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে তোলার পাশাপাশি গার্মেন্টশিল্প ধ্বংসেরও অপচেষ্টা চালানো হচ্ছে কি না, তা ভাবার সময় এসেছে।
তিনি বলেন, গত ৫০ বছরে দেশের শ্রমিক ও মালিকরা সম্মিলিতভাবে পোশাকশিল্পকে একটি সমৃদ্ধ শিল্পে পরিণত করেছেন। এ শিল্পে কর্মরত শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে শিগগিরই ন্যূনতম মজুরি ঘোষণা এবং নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, যেসব শ্রমিক উসকানিতে পড়ে নিজেদের কর্মস্থলে ভাঙচুর করছেন বা আগুন দিচ্ছেন, তাদের বুঝতে হবে, কারখানা ধ্বংস হলে তাদের কর্মসংস্থান ও বেতনও বন্ধ হয়ে যাবে।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘গার্মেন্টস ফ্যাক্টরি যদি নষ্টই করে ফেলেন, তাহলে ভাই বা বোন আপনার বেতনটি আসবে কোত্থেকে? কীভাবে আসবে বেতন?’
কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে নিজেদের কর্মস্থল রক্ষার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
জনগণের স্বার্থই সরকারের অগ্রাধিকার
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে প্রতিবছর দুই লাখ কোটি টাকা পাচার করা হতো। এই অর্থ দেশের জনগণের। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে দেশে ও বিদেশে সরকার সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি বলেন, জনগণের নির্বাচিত সংসদ ও সরকার এখন বাংলাদেশ পুনর্গঠনের কাজ করছে। দেশের প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। রংপুরসহ দেশের অবহেলিত অঞ্চলের সুষম উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও সমৃদ্ধি একে অপরের পরিপূরক। গণতন্ত্র সমৃদ্ধির পথ প্রশস্ত করে, আর সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে। তাই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।