× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌরবিদ্যুৎ উৎপাদনে আসছে বিশেষ সুবিধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মিনিট আগে

জাতীয় সংসদ অধিবেশনে বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ অধিবেশনে বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। ছবি: সংগৃহীত

দেশে সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে বিশেষ বিধান রেখে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ পাস হয়েছে। বিলটিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়ির ছাদ, আঙিনা, ভবনসংলগ্ন পতিত জমি এবং জলাশয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ সম্প্রসারণের বিধান রাখা হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ স্থাপনে বিনিয়োগ, বিদ্যুৎ ক্রয় ও বণ্টন এবং কার্যক্রম তদারকির জন্য পৃথক কাঠামো নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদ অধিবেশনে বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে বিরোধী দলের পক্ষ থেকে বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। তবে স্পিকার ওই প্রস্তাব নাকচ করে দেন। এ সময় বিলটির ওপর আনা সংশোধনী প্রস্তাবগুলোও নিষ্পত্তি করা হয়।

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬-এর বিধানগুলোকে আইনি কাঠামোয় আনতে গত ১০ নভেম্বর জাতীয় সংসদে বিলটি উত্থাপন করা হয়। পরে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য এটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটি পাসের সুপারিশ করে গত ১৬ নভেম্বর সংসদে প্রতিবেদন জমা দেয় কমিটি।

সংসদে পাস হওয়া বিলটির অন্যতম বৈশিষ্ট্য সৌরবিদ্যুৎ স্থাপনে ওপেক্স মডেলকে অগ্রাধিকার দেওয়া। এ মডেলে সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে গ্রাহকের স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনা করবে। ফলে গ্রাহককে শুরুতেই পুরো বিনিয়োগ করতে হবে না। অন্যদিকে ক্যাপেক্স মডেলে গ্রাহক প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও এর মালিকানা ধরে রাখতে পারবে।

ক্যাপেক্স মডেলে পাঁচ কোটি টাকা পর্যন্ত সৌরবিদ্যুৎ স্থাপনের পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার ক্ষেত্রে সীমিত দরপত্র পদ্ধতি অনুসরণের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতি অনুসরণ বাধ্যতামূলক হবে না।

বিলে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি ও বাসাবাড়ির ছাদ, আঙিনা, ভবনসংলগ্ন পতিত জমি এবং জলাশয়ে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ রাখা হয়েছে। তবে বৃহৎ ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এ আইনের আওতাভুক্ত হবে না।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে। চুক্তিতে বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন, রক্ষণাবেক্ষণ, যন্ত্রপাতি প্রতিস্থাপন, বিল পরিশোধ এবং নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুতের হিসাব সমন্বয়ের বিষয়গুলো নির্ধারণ করা থাকবে।

বিলে সৌরবিদ্যুৎ ব্যবস্থায় উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ রাখা হয়েছে। গ্রাহকের ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হলে নির্ধারিত নিয়মে তা বিদ্যুৎ বিলের সঙ্গে সমন্বয় করা হবে। সমন্বয়ের পরও বিদ্যুৎ উদ্বৃত্ত থাকলে সরকার নির্ধারিত ট্যারিফ অনুযায়ী মূল্য পাওয়ার সুযোগ থাকবে।

নতুন আইনে সৌরবিদ্যুতের সম্প্রসারণে নীতিগত দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি গঠনের কথা বলা হয়েছে।

বিলে সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রাংশ চুরি, ক্ষতিসাধন, অবৈধ সংযোগ স্থাপন এবং স্থাপন ও রক্ষণাবেক্ষণের কাজে বাধা দেওয়ার জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। যন্ত্রাংশ চুরির দায়ে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। আর যন্ত্রাংশের ক্ষতিসাধনের দায়ে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, জীবাশ্ম জ্বালানির আমদানিনির্ভরতা কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ প্রয়োজন। এ লক্ষ্যেই বিশেষ বিধান রেখে আইনটি করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা