প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিদেশে কর্মী পাঠানোর নামে অতীতে গড়ে ওঠা সিন্ডিকেটের প্রতারণা ও অর্থ আত্মসাতের কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পলাতক স্বৈরাচারী সরকারের আমলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম ও প্রতারণার ঘটনা ঘটেছে। এসব সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে বর্তমান সরকার।
বিদেশে
কর্মী পাঠানোর খরচ কমিয়ে সাধারণ
মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার উদ্যোগও
নেওয়া হয়েছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে যাতায়াতসহ মোট খরচ দুই
লাখ টাকার মধ্যে রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে। পাশাপাশি
প্রায় বিনা খরচে দেশটিতে
১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
বুধবার
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনে প্রধানমন্ত্রীর জন্য
নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ
সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন
তিনি।
প্রধানমন্ত্রী
বলেন, অতীতে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও
অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক
স্বৈরাচারী সরকারের আমলে সংশ্লিষ্ট ব্যক্তিরা
সাধারণ মানুষের সঙ্গে এ ধরনের প্রতারণা
করেছেন। এর ফলে কয়েকটি
দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া
প্রায় বন্ধ করে দিয়েছিল।
কোনো কোনো দেশ কর্মী
নেওয়া স্থগিত কিংবা কমিয়ে দিয়েছিল।
তারেক
রহমান বলেন, বাংলাদেশ থেকে বহু শ্রমিক
মালয়েশিয়ায় গেছেন। কয়েক দিন আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী
জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এ সমস্যার সমাধান
করা সম্ভব হয়েছে।
তিনি
বলেন, সামান্য খরচে প্রায় বিনা
মূল্যে ১০ হাজার মানুষকে
মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার। এই
১০ হাজারের মধ্যে বিগত সরকারের সময়ে
গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের
আন্দোলনে শহীদ ও আহত
ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে
পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী
আরও বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া চালুর পাশাপাশি যারা যাবেন, তাদের মোট খরচ যাতে
সর্বোচ্চ দুই লাখ টাকার
মধ্যে থাকে, সে বিষয়েও সরকার
কাজ করেছে। এখন পর্যন্ত এ
ব্যয় মোটামুটিভাবে নিশ্চিত করা সম্ভব হয়েছে।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি কর্মী পাঠানোর খরচ কমিয়ে আনার
প্রক্রিয়া চলছে। এ জন্য মধ্যপ্রাচ্যের
বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছে সরকার। এসব
দেশের কয়েকটি নতুন করে বাংলাদেশ
থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেওয়ার
আগ্রহ প্রকাশ করেছে।
বিদেশে
কর্মী পাঠানোর নামে দালাল ও
সিন্ডিকেটের মাধ্যমে যারা মানুষের সঙ্গে
প্রতারণা করে অর্থ আত্মসাৎ
করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায়
আনার চেষ্টা চলছে বলেও জানান
প্রধানমন্ত্রী।
বিদেশে
কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনো ধরনের প্রণোদনা
দিতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে
তারেক রহমান বলেন, সংসদ সদস্য একটি
প্রণোদনার কথা বলেছেন। তবে
এ অর্থ কোথা থেকে
আসবে, তা তাঁর কাছে
বোধগম্য হয়নি। সংসদ সদস্য বিষয়টি
বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারলে সরকারের
পক্ষ থেকে এ বিষয়ে
উদ্যোগ নেওয়ার চেষ্টা করা যেতে পারে।
এর আগে সম্পূরক প্রশ্নে
সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ
নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫
লাখ টাকা খরচ করে
ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে
কতসংখ্যক কর্মী নেওয়া হবে এবং বিদেশ
যেতে কত টাকা খরচ
হবে, তা প্রকাশ করলে
সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা
পাবেন।
তিনি
বলেন, সরকার বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে
দিলে এবং প্রয়োজনে প্রণোদনার
ব্যবস্থা করলে গ্রামের সাধারণ
মানুষকে জমি বিক্রি করে
কিংবা ঋণ নিয়ে অতিরিক্ত
টাকা খরচ করে বিদেশে
যেতে হবে না। এমনকি
একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই
লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। এ
ক্ষেত্রে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না,
প্রধানমন্ত্রীর কাছে তা জানতে
চান তিনি।
উপজেলা
হাসপাতালের শয্যা বাড়ছে
এদিকে
অপর এক সংসদ সদস্যের
প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি
বলেন, বিগত সরকারের সময়ে
দেশের স্বাস্থ্য খাতের এমন অবস্থা তৈরি
হয়েছিল যে মানুষকে চিকিৎসার
জন্য একটি বিশেষ দেশে
যেতে অনেকটা বাধ্য হতে হতো। দেশের
স্বাস্থ্যব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হয়নি,
যাতে মানুষ নিজ দেশেই যথাযথ
চিকিৎসাসেবা পেতে পারে।
তারেক
রহমান জানান, আগামী এক থেকে দুই
সপ্তাহের মধ্যে দেশের সব উপজেলায় হাসপাতালের
শয্যাসংখ্যা বাড়ানোর প্রকল্পটি দরপত্র প্রক্রিয়ায় যাবে। আগামী পাঁচ বছরে ৫০
শয্যার উপজেলা হাসপাতালগুলোকে ১৫০ শয্যায় উন্নীত
করা হবে। প্রতিটি হাসপাতালে
নতুন করে ১০০টি শয্যা
সংযোজন করা হবে।
সরকারি
হাসপাতালগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী
বলেন, হাসপাতালে গেলে দেখা যায়,
শয্যার অভাবে রোগীরা বারান্দাসহ বিভিন্ন স্থানে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন।
একটি পরিসংখ্যানে দেখা গেছে, এ
ধরনের মানুষের সংখ্যা প্রায় ৪০ লাখ। এটি
অত্যন্ত দুঃখজনক ও কষ্টকর।
তিনি
বলেন, রাষ্ট্রের অর্থনৈতিক সংকটের মধ্যেও গত কয়েক মাসে
সরকার সারা দেশে প্রায়
সাড়ে তিন হাজার নতুন
শয্যা সংযোজন করতে সক্ষম হয়েছে।
মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের শয্যাসংখ্যা
বাড়ানোর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নেও কাজ করছে সরকার।