এস্তোনিয়ার সহযোগিতায় বাংলাদেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) উন্নয়ন এবং ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়নের কাজ ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বুধবার মন্ত্রীর আইসিটি বিভাগের কার্যালয়ে বাংলাদেশে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এ সময় দুই দেশের মধ্যে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল পাবলিক অবকাঠামো, ওয়ান সিটিজেন ওয়ান আইডি, আন্তঃপরিচালনযোগ্যতা এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তবে সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক এবং যত দ্রুত সম্ভব এ উদ্যোগ কার্যকর করার লক্ষ্যে কাজ করছে। এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্ত্রী আরও বলেন, এস্তোনিয়া সফরে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা এবং সরকারি সেবার আন্তঃসংযোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স অ্যাকাডেমি ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়নাধীন প্রকল্পটি ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করতে সহায়ক হবে।
এ উদ্যোগে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ সহায়তা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান তিনি।
জবাবে রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন বলেন, “বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে চলমান ডিজিটাল সহযোগিতা অত্যন্ত সম্ভাবনাময়। ডিজিটাল গভর্ন্যান্স ও ই-গভর্ন্যান্সে এস্তোনিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ে তার দেশ আগ্রহী।”
চলমান প্রকল্পের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি এস্তোনিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশের বাজারে কাজ করার সুযোগ তৈরির আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত আরও বলেন, এস্তোনিয়ার ডিজিটাল সেবা ও আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সরকারি নেতৃত্বের পাশাপাশি বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাক্ষাতে আইসিটি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা বলেন, ওয়ান সিটিজেন ওয়ান আইডি ও জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে।
তিনি জানান, জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ও সাইবার নিরাপত্তা আইন এ উদ্যোগ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করেছে। জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগও প্রক্রিয়াধীন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এ কর্তৃপক্ষ গঠিত হলে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের শতভাগ রাজনৈতিক অঙ্গীকার রয়েছে।
এ ছাড়া সাক্ষাতে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, এসব খাতে রপ্তানি বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে। এ সময় আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।