প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত। ছবি: পিএমও
গ্রামীণ সড়কে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণসহ ১৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ, বৈদেশিক ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।
বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে। ২০২৬ থেকে ২০৩১ সাল মেয়াদে বাস্তবায়নের জন্য প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।
এ ছাড়া দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়াতে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পেও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে সরকারের অর্থায়ন ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা এবং ঢাকা ওয়াসার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
এ ছাড়া জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় বৃদ্ধি অনুমোদন করা হয়েছে। পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনে ব্যয় বাড়ানো হয়েছে ১০৫ কোটি ৯৮ লাখ টাকা।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
এ ছাড়া মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে রাখা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। অন্যদিকে, ঢাকা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে ব্যয় অনুমোদন করা হয়েছে ৪৯৫ কোটি ৯ লাখ টাকা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন আরও ১৪টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।