নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সময় পরপর দুই শিক্ষাবর্ষে (২০২৫ ও ২০২৬) বছরের শুরুতে সব শিক্ষার্থী সময়মতো পাঠ্যবই হাতে পায়নি। ২০২৫ শিক্ষাবর্ষে সব বই পৌঁছাতে মার্চ-এপ্রিল মাস পর্যন্ত সময় লেগেছিল। আর ২০২৬ শিক্ষাবর্ষে শতভাগ বই সরবরাহ সম্পন্ন করতে অপেক্ষা করতে হয়েছিল ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এবারও নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহে বই বিতরণের পরিকল্পনা জানানো হয়েছে। কিন্তু মুদ্রণ, বাঁধাই ও পরিদর্শনের অগ্রগতিতে এখনও মাধ্যমিকের পাঠ্যপুস্তক তৈরির ক্ষেত্রে পিছিয়ে থাকার চিত্র দেখা যাচ্ছে। পাশাপাশি বইয়ের কাগজ ও মুদ্রণের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে।
প্রসঙ্গত, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ১৬ নভেম্বর বলেছেন, “আমরা শিক্ষার্থীদের হাতে সময়মতো আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক দেওয়ার লক্ষ্যে কাজ করছি। ডিসেম্বরের ২৪ তারিখে আমাদের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে”।
এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গতকাল মঙ্গলবারের পরিবীক্ষণ প্রতিবেদনে দেখা যাচ্ছে, প্রাক-প্রাথমিকের বইয়ের মুদ্রণ, বাঁধাই ও পিডিআই (প্রি-ডেলিভারি ইন্সপেকশন) সম্পন্ন হয়েছে শতভাগ। প্রাথমিকের (প্রথম-পঞ্চম) ক্ষেত্রে বাঁধাই সম্পন্ন হয়েছে ৯৮ দশমিক ৪৬ শতাংশ বইয়ের এবং পিডিআই হয়েছে ৯৭ দশমিক ২৮ শতাংশের। ইবতেদায়িতে এ হার যথাক্রমে ৯৩ দশমিক ৬৭ ও ৯২ দশমিক ৩৪ শতাংশ। অন্যদিকে মাধ্যমিকের (ষষ্ঠ-দশম) বইয়ের বাঁধাই সম্পন্ন হয়েছে ৮১ দশমিক ১০ শতাংশ এবং পিডিআই হয়েছে ৭৮ দশমিক ৩১ শতাংশের। অর্থাৎ প্রাথমিকের বই প্রায় প্রস্তুত হলেও মাধ্যমিকের ক্ষেত্রে এখনও উল্লেখযোগ্য পরিমাণ কাজ হয়নি।
৩০ নভেম্বরের মধ্যে বই পৌঁছানোর আশ্বাস
এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “প্রাক-প্রাথমিকের বই শতভাগ পৌঁছে গেছে। ৩০ নভেম্বরের মধ্যে প্রায় সব বইয়ের কাজ শেষ হয়ে যাবে। নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী তারা ভালো অবস্থানে রয়েছেন”।
তার ভাষায়, “সরকার যখনই বাচ্চাদের হাতে বই দিতে চাইবে, ১০০ শতাংশ বই দিতে পারবে। এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই”।
এনসিটিবির কারিকুলাম বিভাগের আরেক সদস্য অধ্যাপক ড. এ কে এম শওকত আলী খান ৩০ নভেম্বরের মধ্যে সব বই মাঠপর্যায়ে চলে যাওয়ার আশা প্রকাশ করেছেন।
বইয়ের মান নিয়ে উদ্বেগ মুদ্রণশিল্পে
তবে বিশেষজ্ঞরা বলছেন, মাঠপর্যায়ে বই পৌঁছানো, ছাপার কাজ শেষ হওয়া এবং পিডিআই সম্পন্ন হওয়া এক বিষয় নয়। এনসিটিবির পরিবীক্ষণ প্রতিবেদনের পরিসংখ্যানেও এই তিন পর্যায়ের অগ্রগতিতে পার্থক্য রয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, “প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের বইয়ের কাজ ভালোভাবে এগোলেও মাধ্যমিকের বই নিয়ে এখনও কাজ চলছে। ২৪ ডিসেম্বরের মধ্যে শতভাগ বই পৌঁছানোর ব্যাপারে সন্দেহ রয়েছে। তবে এখনই যথাযথ তদারকি ও পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নিলে ডিসেম্বরের মধ্যে সরবরাহ সম্ভব।
তিনি বলেন, “ছাপাখানা থেকে সরবরাহের চালান তৈরি হওয়া আর বাস্তবে বই মাঠপর্যায়ে পৌঁছানো এক বিষয় নয়। তাই এনসিটিবির সরবরাহের পরিসংখ্যান যাচাই করা প্রয়োজন। অতীতেও ডিসেম্বরের মধ্যে বই পৌঁছানোর তথ্য দেওয়া হলেও বাস্তবে মার্চ-এপ্রিল পর্যন্ত সরবরাহ চলেছে”।
এসব পাঠ্যপুস্তকের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তোফায়েল খান। তার অভিযোগ, ছোট ও মাঝারি কিছু প্রতিষ্ঠান ভালো মানের বই সরবরাহ করলেও কয়েকটি প্রভাবশালী বড় প্রতিষ্ঠানের কাগজ ও মুদ্রণের মান নিয়ে প্রশ্ন রয়েছে। কিছু প্রতিষ্ঠানের কাগজের গ্রামেজ ঠিক থাকলেও সামগ্রিক মান সন্তোষজনক নয়। অভিযোগ থাকলেও এনসিটিবির কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ‘এখনই উপজেলা পর্যায়ে গিয়ে বইয়ের মান তদারকি করা উচিত।’ কারণ শেষ মুহূর্তে সরবরাহের চাপ তৈরি হলে মান যাচাইয়ের সুযোগ কমে যায়।
সংশোধন হচ্ছে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই
এদিকে ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বইয়ের বিতর্কিত বিষয়বস্তু সংশোধনের কাজও চলছে। এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু জানান, সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস থেকে বই ফিরিয়ে এনে সংশোধন করা হচ্ছে। পিডিআই এজেন্ট ও এনসিটিবির মনিটরিং টিমের উপস্থিতিতে সংশোধিত বই পরীক্ষা করে প্রত্যয়ন দেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করা হচ্ছে। তার দাবি, এ কাজের প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকি অংশও দু-এক দিনের মধ্যে শেষ হবে।
সব বই একসঙ্গে না পেলে শিখন ঘাটতির আশঙ্কা
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বছরের শুরুতে সব বই একসঙ্গে না পেলে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা ও শেখার আগ্রহ ব্যাহত হয়।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “বিনামূল্যে নতুন বই বিতরণ দীর্ঘদিন ধরে একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। কিন্তু সব বই একসঙ্গে না পেলে সেই উৎসবের আমেজ নষ্ট হয়, আগ্রহ কমে এবং পড়াশোনায় ছন্দপতন ঘটে। বছরের পর বছর একই সংকট চলা কাঠামোগত ব্যর্থতার লক্ষণ। এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকা রয়েছে কি না, তা তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন”।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, “দীর্ঘ বিলম্বে শিখন ঘাটতি বাড়ে। বই না পেয়ে প্রান্তিক পরিবারের অভিভাবকরা সন্তানকে কাজে যুক্ত করতে পারেন, বাড়ে ঝরে পড়ার ঝুঁকি। দুই-তিন মাসের বিলম্বের ক্ষতি শিক্ষক-শিক্ষার্থী কেউই পুরোপুরি কাটিয়ে উঠতে পারেন না। শিক্ষার্থীরা অপূরণীয় শিখন ঘাটতি নিয়ে পরবর্তী স্তরে যায়। তাই সময়মতো সব শিক্ষার্থীর হাতে নির্ভুল ও মানসম্মত বই পৌঁছানো খুবই জরুরি”।